২ গোলে এগিয়েও হারল ম্যানইউ, ওল্ড ট্রাফোর্ডে ৫০ বছর পর বিব্রতকর রেকর্ড প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েও শেষ রক্ষা হলো না ম্যানচেস্টার ইউনাইটেডের। কারাবাও কাপের রোমাঞ্চকর লড়াইয়ে ব্রাইটনের কাছে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে রেড ডেভিলরা। ঘরের মাঠে দুই গোলে এগিয়ে থাকার পরও এমন পরাজয় দলটির জন্য নিয়ে এসেছে ৫০ বছরের এক বিব্রতকর রেকর্ড। ম্যাচের শুরুটা স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য ছিল দারুণ আশাব্যাঞ্জক। ক্লাবের একাডেমি থেকে উঠে আসা তরুণ শিয়া লেসি প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পেয়েই দলকে লিড এনে দেন। এর ঠিক ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মেসন মাউন্ট। ২-০ গোলে এগিয়ে গিয়ে ম্যাচটি পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার বড় সুযোগ তৈরি করেছিল ইউনাইটেড। তবে প্রথমার্ধের শেষ মুহূর্ত থেকে ঘুরে দাঁড়াতে শুরু করে ব্রাইটন। বিরতির ঠিক আগে চারালামপোস কোস্তুলাসের গোলে ব্যবধান কমায় সফরকারীরা। দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে ‘সিগালস’রা। ব্রাইটনের এই আক্রমণাত্মক ফুটবলের সামনে খেই হারিয়ে ফেলে ইউনাইটেডের রক্ষণভাগ। ম্যাচের দ্বিতীয় ভাগে পাসকাল গ্রসের গোলে সমতা ফেরায় ব্রাইটন। এরপর বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা ম্যাক্সিম দে কুইপার গোল করে দলকে প্রথমবারের মতো এগিয়ে নিয়ে যান। এই গোলের পর ওল্ড ট্রাফোর্ডের গ্যালারিজুড়ে ঘরের মাঠের সমর্থকদের তীব্র দুয়োধ্বনি শুনতে হয় ম্যানচেস্টার ইউনাইটেডকে। ম্যাচ শেষের বাঁশি বাজার পরও সমর্থকদের সেই ক্ষোভ ও অসন্তোষ বজায় ছিল। এই হারের ফলে পরিসংখ্যানের পাতায় এক লজ্জাজনক রেকডে নাম লিখিয়েছে রেড ডেভিলরা। ১৯৯২-৯-৩ মৌসুমে প্রিমিয়ার লিগ যুগ শুরু হওয়ার পর থেকে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে দুই গোলে এগিয়ে থেকেও এই প্রথম কোনো ম্যাচ হারল তারা। এর আগে ঘরের মাঠে ২-০ গোলে এগিয়ে থেকেও হেরে যাওয়ার এমন নজির গড়েছিল ১৯৭৬ সালে, টটেনহ্যামের বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে। এদিকে একের পর এক ব্যর্থতায় ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ মাইকেল ক্যারিকের ওপর চাপ দিন দিন বাড়ছে। মাত্র তিন দিন আগেই ম্যানচেস্টার সিটির বিপক্ষে বিতর্কিত হারের স্বাদ পেয়েছিল তার দল। এবার ব্রাইটনের বিপক্ষে দুই গোলের লিড হাতছাড়া করে কারাবাও কাপ থেকে ছিটকে যেতে হলো তাদের। প্রিমিয়ার লিগেও দলটির অবস্থান বেশ নাজুক; চার ম্যাচে মাত্র একটি জয় ও একটি ড্র নিয়ে পয়েন্ট তালিকায় ১৩ নম্বরে রয়েছে ইউনাইটেড। উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বেলা ১১: ৫৩ মিনিটে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। SHARES খেলাধুলা বিষয়: ওল্ড ট্রাফোর্ডকারাবাও কাপফুটবলব্রাইটনমাইকেল ক্যারিকম্যানচেস্টার ইউনাইটেড