জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন, পেছাচ্ছে প্রাথমিক শিডিউল

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৬

আগামী বছরের জানুয়ারিতে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। রোববার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, আগামী ১২ নভেম্বর নির্বাচনের যে প্রাথমিক শিডিউল ঘোষণা করা হয়েছিল, তা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। মূলত নভেম্বর ও ডিসেম্বর মাসে স্কুল-কলেজের বিভিন্ন পরীক্ষা চলায় এবং ভোটকেন্দ্র নির্ধারণ ও শিক্ষকদের নির্বাচনী দায়িত্ব পালনের বিষয়গুলো বিবেচনা করে এই সময়ে ভোট নেওয়া সম্ভব হচ্ছে না বলে তিনি উল্লেখ করেন।

নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণার বিষয়ে কমিশন এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। এছাড়া আগামী ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের সঙ্গে নির্বাচন কমিশনের যে সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তাও বাতিল করা হয়েছে।