ডেপুটি স্পিকার কায়সার কামালের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬ প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ২৯ বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অবস্থিত ডেপুটি স্পিকারের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও বহুমাত্রিক সম্পর্কের বিষয়টি গুরুত্বের সাথে স্মরণ করা হয়। বৈঠকে ডেপুটি স্পিকার সম্প্রতি চীনের ইউনান প্রদেশে তার সফরের অভিজ্ঞতা তুলে ধরেন। সে সময় পাওয়া উষ্ণ আতিথেয়তা, আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ সহযোগিতার প্রশংসা করার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে চীনের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান তিনি। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশ ও চীন উভয় দেশের জনগণের সার্বিক উন্নয়নের লক্ষ্যে একসাথে কাজ করতে চায়। দেশের গণতন্ত্রকে শক্তিশালী করা, মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, প্রযুক্তি, স্বাস্থ্য খাত এবং বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে চীনের আরও সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। দ্বিপাক্ষিক সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ১৯৮০ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চীন সফরের মধ্য দিয়েই মূলত দুই দেশের ভবিষ্যৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মজবুত ভিত্তি স্থাপিত হয়েছিল। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের কথা উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই সফর বাংলাদেশ ও চীনের মধ্যকার সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করবে। এছাড়া, দুই দেশের সংসদীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করতে 'বাংলাদেশ-চীন পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি মন্তব্য করেন। বৈঠকে উভয় পক্ষই সংসদীয় পর্যায়ে দ্বিপাক্ষিক সফর বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় বাড়ানোর মাধ্যমে দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার ওপর বিশেষ তাগিদ দেন। বাংলাদেশে দায়িত্ব পালনকালে পাওয়া আন্তরিক সহযোগিতা ও আতিথেয়তার জন্য ডেপুটি স্পিকার ও এদেশের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদায়ী রাষ্ট্রদূত। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে। সাক্ষাৎ শেষে ডেপুটি স্পিকার কায়সার কামাল বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও কল্যাণ কামনা করেন। এই সৌজন্য বৈঠকে বাংলাদেশে নিযুক্ত চীনের উপরাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। SHARES জাতীয় বিষয়: ইয়াও ওয়েনকায়সার কামালচীনা রাষ্ট্রদূতজাতীয় সংসদডেপুটি স্পিকারবাংলাদেশ-চীন সম্পর্ক