লঞ্চের ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর দাবি মালিক সমিতির প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৬ জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চের ভাড়া ৫১ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছে লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাপ) সংস্থা। সংগঠনটি প্রতি কিলোমিটারে ১ টাকা ৫০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে। ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার নৌপরিবহন, রেলপথ ও সেতু বিভাগ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে সংগঠনটি। চিঠিতে স্বাক্ষর করেছেন সংস্থার প্রেসিডেন্ট গোলাম নবী আলমগীর। প্রস্তাবিত ভাড়া অনুযায়ী, ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে বর্তমান ২ টাকা ৯৫ পয়সা ভাড়ার সাথে ১ টাকা ৫০ পয়সা যোগ করে ৪ টাকা ৪৫ পয়সা করার দাবি জানানো হয়েছে। এছাড়া ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে ২ টাকা ৫২ পয়সার জায়গায় ১ টাকা ৫০ পয়সা বাড়িয়ে ৪ টাকা ২ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সাথে যাত্রীপ্রতি সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে। চিঠিতে জানানো হয়, গত ২১ সেপ্টেম্বর সরকার ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা থেকে ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করেছে। এতে জ্বালানি তেলের দাম প্রায় ১৮ শতাংশ বেড়েছে। নৌপথে যাত্রী পরিবহনকারী লঞ্চগুলো মূলত ডিজেল ও মবিলচালিত হওয়ায় পরিচালন ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। লঞ্চ মালিকদের দাবি, ডিজেলের দাম বৃদ্ধির পাশাপাশি বিআইডব্লিউটিএ-এর বিভিন্ন ফি ও চার্জও বাড়ানো হয়েছে। এর মধ্যে কনজারভেন্সি চার্জ ৩০ শতাংশ, রুট পারমিট ফি ৫০ শতাংশ এবং বার্দিং চার্জ ১১৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এছাড়া রুট পারমিটের আবেদন ফরমের ফি ৬০ শতাংশ বাড়ানো হয়েছে। পাশাপাশি বিশেষ অনুমতি ফি, স্থগিত রুট পারমিট পুনর্বহাল চার্জ এবং নাম বা মালিকানা পরিবর্তনের ক্ষেত্রেও নতুন করে ফি নির্ধারণ করা হয়েছে। লঞ্চ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ খরচের বিষয়ে মালিকরা জানান, প্লেট, অ্যাঙ্গেল, প্রপেলার, ইঞ্জিনের খুচরা যন্ত্রাংশ, ওয়েল্ডিং রড, গ্যাস, রং এবং ডকিংসহ বিভিন্ন উপকরণের দাম ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বেড়েছে। ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে বর্ধিত ভাড়া কার্যকর করার দাবি জানিয়ে তারা আরও বলেন, এই দাবি মানা না হলে ডিজেলের বর্ধিত দাম বাতিল করতে হবে। SHARES জাতীয় বিষয়: জ্বালানি তেলনৌ পরিবহননৌ মন্ত্রণালয়বাংলাদেশ লঞ্চ মালিক সমিতিলঞ্চ ভাড়া