ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, ভোগান্তির আশঙ্কা

প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬

রাজধানী ঢাকার ওপর দিয়ে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিষয়ক পূর্বাভাসভিত্তিক প্রতিষ্ঠান 'আবহাওয়াবিদ'-এর তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বিভাগ থেকে একটি বজ্রঝড় ধীরগতিতে ঢাকার দিকে অগ্রসর হচ্ছে।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ঝড়টি কুমিল্লা, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে অতিক্রম করেছে। এর ধারাবাহিকতায় সকাল ৭টা থেকে ৯টার মধ্যে নারায়ণগঞ্জ ও নরসিংদীর ওপর দিয়ে এবং সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে ঢাকার ওপর দিয়ে বজ্রঝড়টি অতিক্রম করতে পারে।

রাজধানীতে এই বৃষ্টিপাত ২ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টির কারণে ঢাকার বিভিন্ন সড়ক ও অলিগলিতে পানি জমে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে অফিসগামী মানুষ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ নাগরিকদের চলাচলে ভোগান্তি বাড়তে পারে। পাশাপাশি, রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজটের আশঙ্কাও করা হচ্ছে।