তদন্ত নিয়ে মুখ খুলতে রিজওয়ানকে অনুমতি দেয়নি পিসিবি

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬

পাকিস্তান ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ও চলমান সাইবার অপরাধ তদন্ত নিয়ে প্রকাশ্যে কথা বলার অনুমতি দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জিও নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রিজওয়ান নিজের অবস্থান পরিষ্কার করতে এবং জনসমক্ষে নিজের বক্তব্য তুলে ধরতে বোর্ডের কাছে দুইবার আবেদন করেছিলেন, কিন্তু পিসিবি প্রতিবারই তা নাকচ করে দেয়।

ইংল্যান্ড সফরের সময় রিজওয়ান ও ইমাম-উল-হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠিয়েছিল পিসিবি। পরবর্তীতে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ) সম্ভাব্য দুর্নীতি ও অনলাইন জুয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে। এই তদন্তের অংশ হিসেবে রিজওয়ান ও ইমামকে প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং পিসিবির নিরাপত্তা দল তাদের মুঠোফোন জব্দ করে।

প্রতিবেদন অনুযায়ী, ৩৪ বছর বয়সী এই ব্যাটার তদন্তের প্রক্রিয়া সম্পর্কে স্পষ্টতা চেয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতিবিরোধী ইউনিটের কাছেও চিঠি দিয়েছিলেন। সেই চিঠির কারণ জনসমক্ষে ব্যাখ্যা করতে চেয়েছিলেন তিনি। পাকিস্তান কেন্দ্রীয় চুক্তির ৪.১ ধারা অনুযায়ী, চুক্তির আওতাভুক্ত বিষয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার আগে খেলোয়াড়কে বোর্ডের অনুমতি নিতে হয়। সেই নিয়ম মেনেই রিজওয়ান আবেদন করেছিলেন, তবে তার উদ্দেশ্য পিসিবির বিরুদ্ধে অভিযোগ তোলা ছিল না বলে জিও নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে রিজওয়ানের মুঠোফোনটি এখনো তার কাছে ফেরত দেওয়া হয়নি। এনসিসিআইএ এবং পিসিবির নিরাপত্তা দল সেই ফোনের বিভিন্ন লেনদেন যাচাই-বাছাই করছে। এদিকে, রিজওয়ান নিজেও এই তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি এনসিসিআইএর কাছে তদন্তের কারণ এবং অভিযোগের বিস্তারিত বিবরণ চেয়েছেন। রিজওয়ান বলেছেন, "এ ধরনের ঘটনায় এনসিসিআইএ কেন তদন্ত করছে, তা বোধগম্য নয়। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের পূর্ণাঙ্গ বিবরণ আমাকে দেওয়া উচিত, যাতে আমি তদন্তে অংশ নিতে পারি।"