বাগানের সৌন্দর্য বাড়াতে লাল অলকানন্দার জুড়ি নেই

প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৬

প্রকৃতির রঙের বৈচিত্র মানুষের মনকে সহজেই আকৃষ্ট করে। হলুদ, সাদা কিংবা গোলাপির পাশাপাশি ফুলের জগতে গাঢ় লাল রঙও তৈরি করে অনন্য সৌন্দর্য। তেমনই দৃষ্টিনন্দন এক ফুল লাল অলকানন্দা। চঙ বা ফানেল আকৃতির গাঢ় লাল ফুল আর সবুজ পাতার সমন্বয়ে অলকানন্দা বাড়ির আঙিনা, বাগান কিংবা ছাদবাগানে সৃষ্টি করে নান্দনিক আবহ।

অলকানন্দা বা অ্যালামান্ডা উদ্ভিদটি মূলত Allamanda গণের অন্তর্ভুক্ত। এর বহুল পরিচিত প্রজাতি Allamanda cathartica-এর পরিবার হলো Apocynaceae। দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল থেকে উদ্ভূত এই উদ্ভিদটি বর্তমানে বিশ্বের বিভিন্ন উষ্ণমণ্ডলীয় দেশে শোভাবর্ধক হিসেবে চাষ করা হয়। এর ইংরেজি নাম গোল্ডেন ট্রাম্পেট বা গোল্ডেন ট্রাম্পেট ভাইন। তবে উদ্যানজাত রূপ ও সংকর জাতের কারণে এর রঙে বৈচিত্র্য দেখা যায়, যার মধ্যে গাঢ় লাল বা মেরুন রঙের ফুলগুলো দর্শনার্থীদের নজর কাড়ে।

লাল অলকানন্দা মূলত শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে বাড়ির প্রবেশপথ, সীমানা, বেড়া কিংবা বারান্দায় লাগানো যায়। এটি লতানো স্বভাবের হওয়ায় কোনো অবলম্বন পেলে ওপরে উঠতে পারে, আবার নিয়মিত ছাঁটাই করলে ছোট ও ঝোপালো আকৃতিতেও রাখা সম্ভব। রৌদ্রপ্রিয় এই উদ্ভিদটির জন্য পর্যাপ্ত আলো ও সরাসরি রোদ প্রয়োজন। এছাড়া পানি জমে না এমন উর্বর ও পানি নিষ্কাশনযোগ্য মাটি এর চাষের জন্য উপযোগী। টবেও অনায়াসে চাষ করা যায় বলে সীমিত জায়গার ছাদবাগানেও এটি মানিয়ে নিতে পারে।

সবুজ পাতার ফাঁকে ফানেল আকৃতির এই লাল ফুলগুলো যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা উজ্জ্বল রঙের তুলির আঁচড়। শহর কিংবা গ্রামের বাগানে এই গাছ শুধু সৌন্দর্যই বাড়ায় না, বরং মানুষের মনে প্রশান্তি এবং প্রকৃতির কাছাকাছি থাকার এক অনুভূতিও নিয়ে আসে।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত