চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন আজ বুধবার নবম দিনে গড়িয়েছে। টানা কর্মসূচির পরও দাবি পূরণে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ দৃশ্যমান না হওয়ায়, প্রতীকী প্রতিবাদ হিসেবে আজ দুপুরে চোখে কালো কাপড় বেঁধে মিছিলের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের অভিযোগ, আন্দোলন চলাকালে বিভিন্ন মাধ্যমে তাদের হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। এ অবস্থায় দাবি বিবেচনার পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা। এর আগে সোমবার রাতে হুমকি ও ভয়ভীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। পিএমই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসাদুল্লাহ হিল গালিব অভিযোগ করেন, আন্দোলনকারীদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং পরিবারের সদস্যদের ক্ষতির আশঙ্কাও তৈরি হয়েছে। তবে এসব হুমকিতে আন্দোলন দমানো যাবে না বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে পরিচয়পত্র এবং সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের ছবি সংবলিত মুখোশ হাতে নিয়ে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। আন্দোলনকে রাজনৈতিক বা বহিরাগতদের কর্মসূচি হিসেবে প্রচারের প্রতিবাদে শিক্ষার্থীরা নিজেদের পরিচয়পত্র প্রদর্শন করে এ কর্মসূচি পালন করেন। পরে শহীদ মিনার চত্বরে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বরাবর লিখিত বার্তা পাঠ করেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাজী নাবিলা রাইসা। তিনি দাবি করেন, চুয়েটের অধিকাংশ শিক্ষার্থী ন্যায্য দাবিতে আন্দোলনে রয়েছেন। ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার হিশাম জানান, সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে গণঅবস্থান, গণস্বাক্ষর কর্মসূচি, স্মারকলিপি প্রদান, মশাল মিছিল, গ্রাফিতি অঙ্কন ও মুখোশ মিছিলের মতো কর্মসূচি পালন করছেন। তিনি বলেন, তারা কোনো সংঘাত কিংবা হানাহানি চান না, বরং শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করতে চান। প্রশাসনের পক্ষ থেকে কার্যকর সাড়া না এলে আরও কঠোর কর্মসূচি নেওয়ার কথাও জানান তিনি। এদিকে শিক্ষক সমিতির অভ্যন্তরীণ সভার খণ্ডিত অডিও ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অভিযোগে নিন্দা জানিয়েছে চুয়েট শিক্ষক সমিতি। সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রায় সাড়ে আট ঘণ্টার জরুরি সভার বক্তব্যের খণ্ডিত অংশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে। অন্যদিকে, নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বলেছেন, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা এবং শিক্ষার গতি সচল করাই তার সর্বোচ্চ অগ্রাধিকার। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সরাসরি আলোচনা করে পারস্পরিক আস্থা ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। তিনি দ্রুত সশরীরে ক্যাম্পাসে উপস্থিত হয়ে আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছেন। উল্লেখ্য, গত ২৭ জুলাই অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম উপাচার্য হিসেবে দায়িত্ব নেন। পরবর্তীতে ২১ সেপ্টেম্বর তাকে অব্যাহতি দিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এই উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করেই ২১ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। SHARES ক্যাম্পাস বিষয়: আন্দোলনউপাচার্যচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়চুয়েটশিক্ষার্থী