দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬

টানা তিন দফা দাম কমানোর পর এবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ এএম—বুধবার (৩০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস জানিয়েছে, ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই নতুন দাম বুধবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বুধবার সকাল ৯টায় অনুষ্ঠিত এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম এখন ভ্যাটসহ দুই লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। গতকাল এই দাম ছিল দুই লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।

অন্যান্য মানের স্বর্ণের নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৫৪ হাজার ৬০৬ টাকায় বিক্রি হবে।

স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম চার হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেটের চার হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের তিন হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৬৮৩ টাকা অপরিবর্তিত রয়েছে।