দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে প্রাণ হারালেন নৌসদস্য ট্রোম্যান খীসা প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬ আফ্রিকার দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসা (৩৯) প্রাণ হারিয়েছেন। গত সোমবার দুপুরে রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের রামহরি পাড়ায় সামরিক মর্যাদায় ও বৌদ্ধধর্মীয় রীতি অনুযায়ী তাঁর দাহকার্য সম্পন্ন হয়েছে। স্থানীয় মহাপুরুম উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত শেষকৃত্যানুষ্ঠানে পরিবারের সদস্য, প্রতিবেশী, নৌবাহিনীর কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গত বছরের ডিসেম্বরে ট্রোম্যান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় দক্ষিণ সুদানে যান এবং আগামী ডিসেম্বরেই তাঁর দেশে ফেরার কথা ছিল। গত ২০ সেপ্টেম্বর মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে ভারতীয় একটি ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গত রোববার সকালে তাঁর মরদেহ ঢাকায় পৌঁছায় এবং সেখান থেকে রাঙামাটিতে নেওয়া হয়। নৌবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৮৭ সালের ১৩ জুন জন্মগ্রহণকারী ট্রোম্যান ২০০৬ সালের ১ জুলাই নৌবাহিনীতে নাবিক হিসেবে যোগ দেন। তিনি দুই কন্যাসন্তানের জনক ছিলেন। তাঁর স্ত্রী ও সন্তান চট্টগ্রামের নৌবাহিনী কলোনিতে থাকতেন, আর বৃদ্ধ বাবা-মা থাকতেন রাঙামাটির গ্রামে। শেষকৃত্যানুষ্ঠানে নৌবাহিনীর পক্ষ থেকে ট্রোম্যানের স্ত্রীর হাতে বাংলাদেশ নৌবাহিনী ও জাতিসংঘের পতাকা, ক্যাপ এবং মেডেল তুলে দেওয়া হয়। এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ট্রোম্যানের স্ত্রী শ্রেয়া চাকমা বিলাপ করতে করতে বলেন, “কান্না ছাড়া আমাদের আর কিছুই করার নেই। নৌবাহিনী যা করছে, অনেক করছে। কিন্তু বাচ্চাদের মানুষ করব কীভাবে জানি না।” ট্রোম্যানের চাচি জয়ন্তী চাকমা আক্ষেপ করে বলেন, “অর্থ দিয়ে তো মানুষের ক্ষতি পূরণ হবে না। আমাদের মানুষটা বেঁচে থাকলে অন্তত দেখতে পেতাম।” নানিয়ারচর উপজেলার সাবেক চেয়ারম্যান অমর জীবন চাকমা ও বুড়িঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমোদ খীসা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। SHARES জাতীয় বিষয়: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনট্রোম্যান খীসাদক্ষিণ সুদানবাংলাদেশ নৌবাহিনীরাঙামাটি