স্ত্রী সিতি হাসমাহর মৃত্যুর দুই দিন পর হাসপাতালে মাহাথির মোহাম্মদ

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলীর মৃত্যুর দুই দিন পর মঙ্গলবার রাতে তাঁকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে নেওয়া হয়। বুধবার তাঁর কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মাহাথিরের সহযোগী সুফি ইউসুফ জানিয়েছেন, ১০১ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে রাখা হয়েছে। তবে ঠিক কী কারণে তাঁকে ভর্তি করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। আনুষ্ঠানিকভাবে রোগনির্ণয় না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বলে তিনি উল্লেখ করেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দুই দফায় ২০ বছরের বেশি সময় দায়িত্ব পালন করেছেন মাহাথির। দীর্ঘ সময় ধরে তিনি হৃদ্‌যন্ত্রের সমস্যায় ভুগছেন এবং অতীতে তাঁর বাইপাস সার্জারিও হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তাঁকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। সর্বশেষ গত জানুয়ারিতে পড়ে গিয়ে নিতম্বে চোট পাওয়ার পর তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ একজন চিকিৎসক ও জনস্বাস্থ্যকর্মী ছিলেন। তাঁদের দীর্ঘ ৭০ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে গত ২৮ সেপ্টেম্বর, যখন ১০০ বছর বয়সে সিতি হাসমাহ মৃত্যুবরণ করেন। স্ত্রীর মৃত্যুর পর মাহাথিরকে মানসিকভাবে আবেগাপ্লুত দেখা গেছে। স্ত্রীর শেষকৃত্যের সময় ধারণ করা একটি ভিডিওতে তাঁকে চোখের পানি মুছতে মুছতে বলতে শোনা যায়, ‘আমি ভাবিনি, আজ তাঁর মৃত্যু হবে।’