যুক্তরাষ্ট্রে ৪ ঘণ্টা পর স্বাভাবিক বিমান চলাচল

প্রকাশিত: ৯:০২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৬

প্রযুক্তিগত সমস্যার জেরে প্রায় চার ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের আকাশসীমায় বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে। দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টা ৩৬ মিনিটে রাডার ও যোগাযোগব্যবস্থায় অস্থিতিশীলতা শনাক্ত হওয়ার পর উড়োজাহাজ চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছিল। পরবর্তীতে রাত ৮টা ১৫ মিনিটে আকাশসীমা খুলে দেওয়া হয়।

এফএএর কর্মকর্তা ডাফির ভাষ্য অনুযায়ী, অতিরিক্ত তথ্যের চাপে রাউটারগুলো অকার্যকর হয়ে পড়লে পুরো দেশজুড়ে রাডার, যোগাযোগব্যবস্থা ও নিয়ন্ত্রণকেন্দ্রগুলোতে অসংগতি দেখা দেয়। রাউটার থেকে ভুল তথ্য আসায় এফএএ উড্ডয়ন বন্ধের নির্দেশ দিতে বাধ্য হয়। তিনি জানান, ঘটনার পর এফএএর নিয়ন্ত্রণকেন্দ্র ও টার্মিনাল রাডার অ্যাপ্রোচ কন্ট্রোল (ট্র্যাকন) কার্যক্রম পুনরায় সচল করা হয়েছে। তবে এই জটিলতা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগতে পারে এবং এর প্রভাব আগামী কয়েক দিন বিমান চলাচলের ওপর থাকতে পারে। পরিস্থিতি স্বাভাবিক করতে চলতি সপ্তাহান্তের ফ্লাইটগুলো পর্যালোচনা করা হচ্ছে।

ডাফি যুক্তরাষ্ট্রের বর্তমান বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থাকে অত্যন্ত পুরোনো বলে উল্লেখ করেন। তিনি সিস্টেম আধুনিকীকরণের জন্য কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের দাবি জানান। বর্তমানে কংগ্রেসের উভয় কক্ষই রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েন মুলিন সাংবাদিকদের নিশ্চিত করেছেন যে, এই বিভ্রাটের পেছনে কোনো সাইবার হামলার সংশ্লিষ্টতা নেই। এছাড়া মাইক্রোসফটের সাম্প্রতিক বিভিন্ন সেবায় দেখা দেওয়া বিভ্রাটের সঙ্গেও এর কোনো যোগসূত্র পাওয়া যায়নি। যদিও তিনটি সূত্র জানিয়েছিল যে, প্রতিরক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিস পরিচালিত এফএএর গুরুত্বপূর্ণ যোগাযোগ নেটওয়ার্কের সমস্যার সঙ্গে এই বিভ্রাটের সম্পর্ক থাকতে পারে, তবে ডাফি জানিয়েছেন, এ ঘটনায় রাডার সক্ষমতা বা যোগাযোগব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়েনি।