জলবায়ু সহনশীল নগর গড়তে শতাধিক দেশের নতুন অঙ্গীকার

প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৬

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর দ্বিতীয় দিনে শতাধিক দেশের রাষ্ট্রপ্রধান ও নীতিনির্ধারকরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নতুন অঙ্গীকার ব্যক্ত করেছেন। সম্মেলনে নগর অবকাঠামো শক্তিশালীকরণ, জ্বালানিসাশ্রয়ী ভবন নির্মাণ এবং এ খাতে বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে।

সম্মেলনে অংশ নেওয়া দেশগুলো ‘আন্টালিয়া কমপ্যাক্ট ফর এনার্জি এফিশিয়েন্ট বিল্ডিংস’-এর প্রতি সমর্থন জানিয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক ভবন খাতের পরিচালনাগত জ্বালানি ব্যবহারের তীব্রতা ২৫ শতাংশ কমিয়ে আনা এবং ভবনগুলোতে দক্ষ বিদ্যুতায়ন ব্যবস্থা নিশ্চিত করা। এছাড়া বিশ্বের ছয়টি টেকসই ভবন প্রকল্পকে এই সম্মেলনে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে।

কপ-৩১-এর প্রেসিডেন্ট মুরাত কুরুম বলেন, জলবায়ু পদক্ষেপের সুফল সাধারণ মানুষের আবাসস্থলে পৌঁছানো জরুরি। তার মতে, নিরাপদ জনপদ, জ্বালানিসাশ্রয়ী বাড়ি এবং মজবুত অবকাঠামো গড়ে তোলাই বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।

নগরভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রেও নতুন উদ্যোগের ঘোষণা এসেছে। ইস্তাম্বুল জিরো ওয়েস্ট অ্যাকশন প্ল্যাটফর্মের অধীনে প্রাথমিকভাবে ২০টি জেলায় বর্জ্য হ্রাস ও পুনর্ব্যবহার কার্যক্রম শুরু হয়েছে, যা ভবিষ্যতে ১০০টি জেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সম্মেলনের বিজনেস ফোরামে ৩০০টি প্রতিষ্ঠানের ৬০০ জনেরও বেশি ব্যবসায়ী নেতা ও নির্বাহী অংশ নেন। এর মধ্যে তুরস্ক ও চীনের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রায় ১৫ বিলিয়ন ডলারের একটি বড় বিনিয়োগ সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় তুরস্কে ৭ হাজার মেগাওয়াট সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদন, জ্বালানি সংরক্ষণ ব্যবস্থা এবং ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা তৈরি করা হবে। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর ও বায়ুবিদ্যুৎ সরঞ্জাম উৎপাদনেও দুই দেশ যৌথভাবে কাজ করবে।

জলবায়ু অভিযোজন ও শিল্পায়নের অর্থায়নে সহায়তার অংশ হিসেবে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস তুরস্কের শিল্প ডিকার্বনাইজেশন প্রকল্পে সর্বোচ্চ ২৫০ মিলিয়ন ডলার এবং আরও পাঁচটি দেশ ও একটি অঞ্চলের অভিযোজন কার্যক্রমে ১৯০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে। এছাড়া প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর জলবায়ু সহনশীলতা বাড়াতে প্যাসিফিক রেজিলিয়েন্স ফ্যাসিলিটিতে ২০০ মিলিয়ন ডলারের বেশি অর্থায়নের প্রতিশ্রুতি পাওয়া গেছে, যার মধ্যে মিন্ডেরু ফাউন্ডেশন প্রথম বেসরকারি দাতা হিসেবে ৫ মিলিয়ন ডলার প্রদানের ঘোষণা দিয়েছে।

কপ-৩১-এর আলোচনার প্রেসিডেন্ট ক্রিস বোয়েন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জলবায়ু সংকটকে অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে অভিহিত করে দ্রুত ও সহজলভ্য অর্থায়নের ওপর গুরুত্বারোপ করেছেন। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি এবং ইউএন-হ্যাবিট্যাটের প্রতিনিধিরাও জ্বালানিসাশ্রয়ী আবাসন ও নগর সহনশীলতা বাড়াতে দেশগুলোকে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান। উল্লেখ্য, ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত এই সম্মেলন তুরস্কে অনুষ্ঠিত হচ্ছে।