ন্যাটোর সঙ্গে নতুন উত্তেজনায় পারমাণবিক হামলার হুমকি রাশিয়ার

প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২৬

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে নতুন করে তৈরি হওয়া উত্তেজনার মধ্যেই পারমাণবিক হামলার হুমকি দিয়েছে রাশিয়া। মস্কোর দাবি, ন্যাটো যদি বাল্টিক সাগরের তীরে অবস্থিত তাদের ভূখণ্ড কালিনিনগ্রাদকে বিচ্ছিন্ন বা অবরুদ্ধ করার কোনো পদক্ষেপ নেয়, তবে পারমাণবিক অস্ত্রসহ রাশিয়ার পুরো অস্ত্রভাণ্ডার ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে। আল জাজিরার বরাতে পাওয়া কূটনৈতিক নথিতে মস্কো এ বিষয়টি স্পষ্ট করেছে।

বুধবার পাঠানো ওই কূটনৈতিক স্মারকে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, ন্যাটো বাহিনী কালিনিনগ্রাদে আকাশ ও নৌ অবরোধ আরোপের প্রস্তুতি নিচ্ছে বলে তাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে।

এই হুমকির প্রতিক্রিয়ায় ন্যাটোর মহাসচিব মার্ক রুটে জানিয়েছেন, ন্যাটো একটি প্রতিরক্ষামূলক জোট এবং তিনি রাশিয়াকে পারমাণবিক হুমকি দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন। মস্কোর এই নথির বিষয়বস্তুকে তিনি ‘সহায়ক নয়’ বলে মন্তব্য করেছেন। তবে রুটে হুমকিটির গুরুত্ব কিছুটা খাটো করে দেখার চেষ্টা করেছেন। তিনি বলেন, পুতিন জানেন যে ন্যাটোর সঙ্গে সরাসরি কোনো সংঘাতে তিনি কখনোই জয়ী হতে পারবেন না।

উল্লেখ্য যে, পোল্যান্ড ও লিথুয়ানিয়া—এই দুই ন্যাটো সদস্য দেশের মাঝখানে কালিনিনগ্রাদ অবস্থিত। এটি রাশিয়ার একটি বিচ্ছিন্ন ভূখণ্ড হলেও সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাল্টিক সাগরের তীরে অবস্থিত এই অঞ্চলে রাশিয়ার নৌবহর এবং পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন রয়েছে।

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর সাড়ে চার বছরেরও বেশি সময় পর এই পাল্টাপাল্টি উত্তেজনার খবর সামনে এল। এরই মধ্যে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোতেও অস্থিরতা ছড়িয়ে পড়ছে। বিশেষ করে সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিজেদের আকাশসীমায় কথিত অনুপ্রবেশের ঘটনার পর পোল্যান্ড তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করেছে।