সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত এক প্রবাসী প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬ সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী গোষ্ঠীটির ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র ও একটি প্রজেক্টাইল ধ্বংস করার দাবি করেছে। সৌদি গেজেটের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনায় একজন এশীয় প্রবাসী আহত হয়েছেন। এছাড়া হামলায় একটি ভবনের ভেতরের নামাজের কক্ষ এবং বেশ কয়েকটি বেসামরিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার বিবরণ অনুযায়ী, শুক্রবার আসিরের আহাদ রাফিদাহ গভর্নরেটের আকাশে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে সৌদির আকাশ প্রতিরক্ষা বাহিনী। এরপর সেটি আকাশেই ধ্বংস করা হয়। ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ পড়ে একজন এশীয় নাগরিক আহত হয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। সৌদির জেনারেল ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্স জানিয়েছে, ধ্বংসাবশেষের আঘাতে একটি ভবনের ভেতরে থাকা নামাজের কক্ষ এবং কয়েকটি বেসামরিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালকি জানিয়েছেন, একই দিনে হুতি মিলিশিয়া আসিরের খামিস মুশাইত লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী সেগুলোও শনাক্ত করে ধ্বংস করেছে। এছাড়া শুক্রবার হুতিদের ছোড়া আরেকটি শত্রু প্রজেক্টাইল নাজরানে একটি স্কুলে আঘাত হানে। এতে স্কুলটির অবকাঠামোর ক্ষতি হয়েছে। দেশটির সিভিল ডিফেন্সের দলগুলো ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় জরুরি ব্যবস্থা নিয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। SHARES অন্যান্য বিষয়: আন্তর্জাতিক সংবাদআসির প্রদেশক্ষেপণাস্ত্র হামলাসৌদি-আরবহুতি বিদ্রোহী