মেজর (অব.) আখতারুজ্জামানকে নিজেদের ‘নেতা’ মানতে নারাজ জামায়াত প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬ প্রকাশিত হয়েছে: ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পিএম (03 October 2026, 08:41 PM) ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি দেওয়া এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেফতার হওয়া মেজর (অব.) আখতারুজ্জামানকে নিজেদের ‘নেতা’ হিসেবে মানতে নারাজ বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম স্পষ্ট করে জানিয়েছেন, আখতারুজ্জামান জামায়াতে ইসলামীর কোনো নেতা নন, তিনি কেবল একজন সহযোগী সদস্য। তিনি ২০২৫ সালের ১৩ ডিসেম্বর জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে প্রাথমিক সহযোগী সদস্য পদের ফরম পূরণ করেছিলেন। শনিবার (০৩ অক্টোবর ২০২৬) দুপুরে রংপুর মহানগরীর শাপলা চত্বরে অবস্থিত জেলা জামায়াত কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এটিএম আজহারুল ইসলাম। রংপুর বিভাগীয় উন্নয়ন ফোরামের ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সংবাদ সম্মেলনে দেশের অন্যতম অবহেলিত অঞ্চল হিসেবে রংপুর বিভাগের কথা উল্লেখ করে জামায়াতের নায়েবে আমির বলেন, এই অঞ্চলের উন্নয়ন বৈষম্য দূর করতে তিস্তা মহাপরিকল্পনাসহ আমাদের ১৩ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে তিনি অভিযোগ তোলেন, একটি বিশেষ দেশের আপত্তির কারণে সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা থেকে বিরত রয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এটিএম আজহারুল ইসলাম বলেন, আওয়ামী লীগের মতো বিএনপিকেও একসময় পালিয়ে যেতে হবে। কারণ দেশের সাধারণ মানুষ আর কোনো জুলুম ও অত্যাচার সহ্য করবে না। বর্তমানে চাঁদাবাজির কারণে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে এবং বিএনপিও আওয়ামী লীগের পথ বেছে নিয়েছে। তিনি আরও বলেন, আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। দেশে বিরাজমান অস্থিরতার পেছনে রয়েছে অযোগ্য ও দুর্নীতিপরায়ণ নেতৃত্ব। সরকার এখন সংবিধানের দোহাই দিয়ে নিজেদের ইচ্ছামতো সবকিছু করছে। উক্ত সংবাদ সম্মেলনে রংপুর বিভাগের বিভিন্ন আসনের জামায়াত দলীয় সংসদ সদস্যবৃন্দ, রংপুর মহানগর জামায়াতের আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান এবং জেলা ও মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। SHARES অন্যান্য বিষয়: আখতারুজ্জামানএটিএম আজহারুল ইসলামজামায়াতে ইসলামীরংপুররাজনীতি