রাজনগরে পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬

মৌলভীবাজারের রাজনগরে একটি পুকুর থেকে বিনতী রানী কুন্ডু নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার মনসুরনগর ইউনিয়নের কাটাজুরি গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূর এই রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, নিহত বিনতী রানী কুন্ডু ও তাঁর স্বামী অশোক কুন্ডু মূলত গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার সুন্দরদী গ্রামের বাসিন্দা। তাঁরা রাজনগরের মনসুরনগর ইউনিয়নের কাটাজুরি গ্রামে হাজেরা বেগমের একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন। পেশায় দর্জি অশোক রাজনগর বাজারের একটি টেইলার্সের দোকানে কর্মরত।

পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে এই দম্পতির মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত। এরই জেরে গত শুক্রবার রাতেও তাঁদের মধ্যে তুমুল ঝগড়া হয়। একপর্যায়ে স্বামীর ওপর অভিমান করে রাত সাড়ে ৯টার দিকে ঘর থেকে বের হয়ে যান বিনতী রানী। এরপর রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি।

পরদিন শনিবার সকাল ৮টার দিকে বাড়ির কাছাকাছি একটি পুকুরে বিনতী রানীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাজনগর থানা-পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পর আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হয়েছে। ফুটেজে দেখা গেছে, শুক্রবার রাতে বিনতী রানী একা ঘর থেকে বের হয়ে যান। সে সময় তাঁর স্বামী ঘরেই ছিলেন, কিন্তু স্ত্রীকে খুঁজতে তিনি বাইরে যাননি। তবে ওই গৃহবধূ কীভাবে পুকুরে পড়ে মারা গেলেন, সেই রহস্য এখনো উদঘাটিত হয়নি।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত