উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ আটক দুই কারবারি

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬

কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর পালংখালী বিওপির একটি বিশেষ টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন উখিয়া উপজেলার আঞ্জুমানপাড়া গ্রামের মৃত বশির আহমেদের ছেলে মো. নূর ইসলাম (২৫) এবং বালুখালী এফডিএমএন ক্যাম্প-১৫-এর মৃত হাচানের ছেলে মো. হারেস (২০)। বিজিবি সূত্র জানায়, সীমান্তবর্তী আঞ্জুমানপাড়া পানির পয়েন্টের উত্তর পাশের বাবুলের ঘের এলাকায় মিয়ানমার থেকে ব্যাগ হাতে দুই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে টহলদল তাদের থামার সংকেত দেয়। এসময় তারা পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে।

তাদের বহন করা পলিব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১৪টি কার্টন জব্দ করা হয়, যেখান থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, অধিক লাভের আশায় তারা মিয়ানমার সীমান্ত থেকে এসব ইয়াবা সংগ্রহ করেছিল।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, এই চালানের নেপথ্যে থাকা মূল সরবরাহকারী ও জড়িত অন্যান্য চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও তৎপরতা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালানসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।