কলেজে যাওয়ার পথে নিখোঁজ ছাত্রী

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬

চট্টগ্রাম নগরীর দক্ষিণ হালিশহর এলাকা থেকে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়েছেন বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাহিদা আক্তার মিথিলা (১৭)। কলেজের ইউনিফর্ম পরিহিত অবস্থায় নিখোঁজ হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। মেয়ের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরিবারের অভিযোগ, জিডি করার পর থেকেই শুরু হয়েছে চরম আতঙ্কের সময়। ব্রিলিয়ান্ট অ্যাপসের একটি ভিওআইপি নম্বর থেকে মিথিলার ভাই হৃদয়ের মোবাইলে কল করে জিডি তুলে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। একইসঙ্গে মিথিলাকে জীবিত ফেরত পেতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা। টাকা না দিলে শিক্ষার্থীর ক্ষতি করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।

নিখোঁজ ছাত্রীকে দ্রুত উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছে তার পরিবার। এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম জানিয়েছেন, নিখোঁজের খবর পাওয়ার পরপরই পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে। পরিবারের করা অভিযোগের ভিত্তিতে মুক্তিপণ দাবির বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে এবং ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় পরিবারের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।