সাংবাদিককে জিম্মি ও মুক্তিপণ দাবি: প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি সাইফুল গ্রেপ্তার প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৬ চট্টগ্রাম নগরের হালিশহরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে পিস্তল ও ছুরির মুখে জিম্মি হওয়া সাংবাদিক আবুল হোসাইনের মামলায় প্রধান আসামি মো. সাইফুল প্রকাশ ভেড়া সাইফুলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে হালিশহর থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এই নিয়ে চাঞ্চল্যকর এই মামলায় মোট চারজনকে আইনের আওতায় আনা হলো। এর আগে মামলার এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামি সৈকত (২৪), আট নম্বর আসামি মো. আরিফ হোসেন (২৬) এবং ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছিল। তদন্তকারী কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) মো. মঞ্জু জানিয়েছেন, মামলার ১ নম্বর আসামি সাইফুলকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। বাকি পলাতক আসামিদের ধরতে এবং ভুক্তভোগীর খোয়া যাওয়া টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করার কাজ চলছে। মামলার এজাহার থেকে জানা যায়, দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার আবুল হোসাইন গত ১৪ অক্টোবর বিকেলে সংবাদ সংগ্রহের কাজে হালিশহর থানার ২৪ নম্বর ওয়ার্ডের রমনা আবাসিক এলাকার ২ নম্বর সড়কে যান। সেখানে ১০ থেকে ১২ জনের একটি দল তাঁকে ঘিরে ফেলে মারধর শুরু করে। এক পর্যায়ে পিস্তল ও ছুরির ভয় দেখিয়ে পাশের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তাঁকে জিম্মি করা হয়। এ সময় আসামিরা তাঁর কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা কেড়ে নেওয়ার পাশাপাশি দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা সাংবাদিকের মুঠোফোন কেড়ে নিয়ে বিকাশ অ্যাকাউন্টের পিন জেনে নেয়। পরে বিভিন্ন লেনদেনের মাধ্যমে ওই অ্যাকাউন্ট থেকে আরও ৫৫ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেওয়া হয়। সব মিলিয়ে মোট ৭০ হাজার ৩০০ টাকা খোয়া গেছে বলে অভিযোগে উল্লেখ করেন ভুক্তভোগী। এ ছাড়া, তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তির ভিডিও ধারণ করা হয়। ভুক্তভোগী সাংবাদিক গত ১৫ অক্টোবর থানায় মামলাটি দায়ের করেন। ঘটনা প্রকাশ করলে কিংবা পুলিশের কাছে অভিযোগ দিলে তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। SHARES অপরাধ বিষয়: গ্রেপ্তারচট্টগ্রামছিনতাইমুক্তিপণসাংবাদিকহালিশহর