বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট মোবাইল সেবা চালু, উচ্ছ্বসিত ইলন মাস্ক

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৬

বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) স্পেসএক্সের বাণিজ্যিক বিক্রয় বিভাগের প্রধান স্টেফানি বেডনারেকের একটি পোস্ট পুনঃপ্রকাশ করে মাস্ক লেখেন, ‘Starlink connecting Bangladesh!’। এছাড়াও নিজের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে তিনি আলাদা একটি পোস্টে লেখেন, 'Starlink Mobile now available in Bangladesh!'।

স্পেসএক্সের বাণিজ্যিক বিক্রয় বিভাগের প্রধান স্টেফানি বেডনারেক জানিয়েছেন, এই প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের লাখো মানুষ প্রচলিত মোবাইল নেটওয়ার্কের বাইরে থেকেও অতিরিক্ত সংযোগ সুবিধা পাবেন। যেসব এলাকায় সাধারণ মোবাইল নেটওয়ার্কের কাভারেজ নেই, সেখানে স্টারলিংকের এই সেবা যোগাযোগের নতুন সুযোগ তৈরি করবে। বেডনারেকের মতে, উপকূলীয় এলাকার বাসিন্দা, প্রত্যন্ত অঞ্চলের ব্যবসায়ী, পরিবার এবং ভ্রমণকারীরা এখন নেটওয়ার্কের আওতার বাইরে থাকলেও সংযুক্ত থাকতে সক্ষম হবেন।

মোবাইল অপারেটর বাংলালিংকের সঙ্গে চুক্তির মাধ্যমে বাংলাদেশে এই স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু হয়েছে। বাংলালিংক জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় এ ধরনের সেবা চালুর ক্ষেত্রে এটিই প্রথম উদ্যোগ। এই সেবার মাধ্যমে গ্রাহকরা সেলুলার নেটওয়ার্কের বাইরে থাকা অবস্থায়ও বিভিন্ন অ্যাপের মাধ্যমে বার্তা পাঠানো এবং অবস্থান শেয়ার করার মতো সুবিধা পাবেন।

মূলত জরুরি পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ কিংবা দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রচলিত মোবাইল নেটওয়ার্ক ব্যাহত হলে গ্রাহকদের যোগাযোগ ব্যবস্থা সচল রাখাই এই সেবার মূল লক্ষ্য। বিশেষ করে সমুদ্রে কর্মরত মানুষ, জেলে এবং প্রত্যন্ত ও উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা এই প্রযুক্তির মাধ্যমে বিশেষ উপকৃত হবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত