শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৬ অক্টোবর

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৬ অক্টোবর নতুন দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালতে এই মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে মামলার আসামি নাঈম ও সাজ্জাতের অন্য আদালতে মামলা থাকায় তাদের আদালতে হাজির করা সম্ভব হয়নি। এ পরিস্থিতির প্রেক্ষিতে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন এবং শুনানির পরবর্তী তারিখ হিসেবে ২৬ অক্টোবর নির্ধারণ করেন।

২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। ঘটনার দিন গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে তিনি এই হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহত ব্যক্তির মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এই মামলায় শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাছান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, সাদ্দাম হোসেন, শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান ও নুর মোহাম্মদ সেন্টু পলাতক রয়েছেন। এছাড়া জুনাইদ আহমেদ পলক ও সাদেক খানসহ চারজন বর্তমানে কারাগারে আছেন এবং ১০ জন জামিনে রয়েছেন।