বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর পারমাণবিক কেন্দ্র, বাডরার অনুমতির অপেক্ষা

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৬

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া চূড়ান্ত ধাপে পৌঁছেছে। পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ 'বি-টু' বা ক্রিটিক্যালিটিতে যাওয়ার জন্য এখন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বাডরা) অনুমোদনের অপেক্ষা করছে প্রকল্প কর্তৃপক্ষ। এই ধাপে প্রবেশ করলেই চুল্লিতে প্রথমবারের মতো স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পারমাণবিক বিভাজন শুরু হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই প্রক্রিয়ার মাধ্যমে চুল্লিতে স্থায়ী ও নিরাপদভাবে তাপশক্তি উৎপাদন শুরু হবে, যা পরবর্তী সময়ে বিদ্যুৎ উৎপাদনে রূপ নেবে। ইতোমধ্যে ইউনিটটির প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশে চলমান বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ের কারণে জনভোগান্তির মধ্যে রূপপুরের এই বিদ্যুৎ উৎপাদন নিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা মেনে রাশিয়ার সহযোগিতায় নির্মিত এই মেগা প্রকল্পের প্রথম ইউনিটের 'স্টেজ বি-ওয়ান' সফলভাবে সম্পন্ন হয়েছে। এমনকি সর্বশেষ স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ পরীক্ষার জটিলতাও কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। পরবর্তী ধাপ 'বি-টু' পর্যায়ে মূলত প্রাথমিক অপারেশনের জন্য পারমাণবিক চুল্লিকে প্রস্তুত করা হয় এবং ক্রিটিক্যালিটি ধাপে চেইন রিঅ্যাকশন শুরু করা হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. মো. কবির হোসেন বলেন, 'আমরা বাডরাকে সব কাগজপত্র জমা দিয়েছি। তাদের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পর আমরা পরবর্তী ধাপে এগিয়ে যাব। আগের সব কাজ এখন সম্পূর্ণ। বাডরার পারমিশন পেলেই ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্যায়ে (বি-টু) প্রবেশ করব।'

কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রূপপুরের প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা করে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এর পাশাপাশি রূপপুর থেকে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহের জন্য নির্ধারিত আটটি সঞ্চালন লাইন নির্মাণের কাজও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। প্রথম ইউনিটটি ধাপে ধাপে পরীক্ষামূলক কার্যক্রম শেষ করে উৎপাদন সক্ষমতার নির্ধারিত পর্যায়ে পৌঁছানোর পর জাতীয় সঞ্চালন লাইনে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট বিদ্যুৎ উৎপাদনের একেবারে দ্বারপ্রান্তে। ইউনিট-১-এর পরবর্তী ধাপ ‘বি-টু’ বা ক্রিটিক্যালিটিতে যাওয়ার জন্য এখন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বাডরা) অনুমতির অপেক্ষা করছে কর্তৃপক্ষ।