চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় ৭৯০ জন গ্রেপ্তার প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৬ চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত বুধবার (৭ অক্টোবর) পরিচালিত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মোট ৭৯০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম এবং মাদক নির্মূলের লক্ষ্যে এই অভিযান চালানো হয়। এই সময়ের মধ্যে কিশোর গ্যাংবিরোধী পৃথক অভিযানে ৪৯৭ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় থেকে দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত ৭৯০ জনের মধ্যে নিয়মিত মামলায় ৫৮ জন, পূর্ববর্তী মামলায় ৮৫ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৭ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১১ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ২৯ জনকে ধরা হয়েছে। এছাড়া পরোয়ানাভুক্ত ১৪১ জন এবং সাজা পরোয়ানাভুক্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে মোট ৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ৪৯ জন মাদক মামলায় জড়িত। এই ৪৯ জনের মধ্যে একজন মাদক বহনকারী এবং ৪৮ জন মাদকসেবী। এছাড়া নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ২৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ৪৩ হাজার ১১৯ পিস ইয়াবা, ৮২ কেজি ৮০ গ্রাম গাঁজা, ১২ লিটার চোলাইমদ, ১২ বোতল বিদেশি মদ এবং তিনটি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। মাদক সংক্রান্ত অপরাধে মোট ২৩টি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৭ জনকে কারাদণ্ড এবং ১০ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। কিশোর গ্যাংবিরোধী অভিযানে জেলাভিত্তিক আটকের সংখ্যায় শীর্ষে রয়েছে নোয়াখালী (১৫৭ জন) এবং কুমিল্লা (১৫০ জন)। এছাড়া চট্টগ্রামে ৫৬ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৪৮ জন, কক্সবাজারে ৩১ জন, খাগড়াছড়িতে ২৫ জন, চাঁদপুরে ১৯ জন, লক্ষ্মীপুরে ছয় জন এবং রাঙামাটিতে পাঁচ জনকে আটক করা হয়েছে। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES অন্যান্য বিষয়: কিশোর-গ্যাংগ্রেপ্তারচট্টগ্রামপুলিশমাদকবিরোধী অভিযান