আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা-ছেলের

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৬

সোমবার (১২ অক্টোবর) রাতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির উপকণ্ঠে আল ওয়াথবা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব কধুরখীল গ্রামের বাসিন্দা অসীমা চৌধুরী (৪৮) ও তার ১৫ বছর বয়সী একমাত্র ছেলে অরিত্র বিশ্বাস।

নিহতদের পারিবারিক বন্ধু ও আবুধাবি প্রবাসী সংগঠক সজল চৌধুরী জানান, ওইদিন রাতে সৌরভ বিশ্বাস তার স্ত্রী ও সন্তানকে নিয়ে গাড়ি চালিয়ে পারিবারিক এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। আবু ধাবি-আল আইন রোডের আল ওয়াথবা এক্সিট-৪৭ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি নিশান সাফারি গাড়ি তাদের গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষের ঘটনায় অসীমা চৌধুরী ও অরিত্র বিশ্বাস ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় সৌরভ বিশ্বাসকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।