কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন থেকে উচ্ছেদ: প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৬

কুয়েতের হাসাবিয়া ও আব্বাসিয়া এলাকায় ঝুঁকিপূর্ণ ও মেয়াদোত্তীর্ণ ভবন থেকে প্রবাসীদের উচ্ছেদের ঘটনার প্রেক্ষিতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদের আবাসনের বৈধ কাগজপত্র সবসময় হালনাগাদ রাখার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া, চলাচলের সময় প্রত্যেককে নিজস্ব সিভিল আইডি বা বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখার আহ্বান জানানো হয়েছে।

কুয়েতের সরকারি কর্তৃপক্ষ বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সম্প্রতি বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীদের ঝুঁকিপূর্ণ ভবনগুলো থেকে সরিয়ে নেওয়ার অভিযান শুরু করে। উচ্ছেদ হওয়া প্রবাসীদের জন্য হাসাবিয়া এলাকার একটি সরকারি বিদ্যালয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে, যেখানে খাদ্য, পানীয় এবং শীতাতপ নিয়ন্ত্রণের সুবিধা রয়েছে।

আশ্রয়কেন্দ্রে থাকা বাংলাদেশি নাগরিকদের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছে বাংলাদেশ দূতাবাসের একটি প্রতিনিধি দল। এই দলের নেতৃত্বে ছিলেন দূতাবাসের কাউন্সিলর ও মিশন প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান এবং শ্রম কল্যাণ শাখার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর শোয়াইব-উল-ইসলাম তরফদার। পরিদর্শনকালে প্রতিনিধি দলটি কুয়েতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রবাসীদের সার্বিক খোঁজখবর নেন।

কুয়েতি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, অবৈধ বিদেশি নাগরিকদের শনাক্ত করে ফেরত পাঠানো এবং ঝুঁকিপূর্ণ ভবনগুলো খালি করার লক্ষ্যেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে দেশটির অন্যান্য এলাকাতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকতে পারে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, যাচাই-বাছাই শেষে যাদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে, তাদের আশ্রয়কেন্দ্র ছাড়ার অনুমতি দেওয়া হচ্ছে। তবে অবৈধ প্রবাসীদের নির্বাসন কেন্দ্রের মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে।