যান্ত্রিক ত্রুটিতে ঢাকা-চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিভ্রাট

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৬

যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-চট্টগ্রামের জাতীয় গ্রিডে বিদ্যুৎ প্রবাহে বিপর্যয় দেখা দেয়।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালুর কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে অধিকাংশ জায়গায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হয়েছে। বাকী এলাকাগুলোতেও খুব স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে বলে আশা করা যাচ্ছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য মন্ত্রণালয় আন্তরিকভাবে দুঃখিত।

ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের আইসিটি ও অপারেশন পরিচালক রবিউল হাসান বিদ্যুৎ বিভ্রাটের তথ্য নিশ্চিত করেছেন। এই বিপর্যয়ের কারণে সচিবালয়, বাংলাদেশ ব্যাংক, প্রেসক্লাবসহ মগবাজার, বনশ্রী ও খিলগাঁও এলাকার মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিদ্যুৎ নেই, যা জনজীবনে ভোগান্তির সৃষ্টি করেছে।