দেশের যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬

দেশে আবারও ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। প্রধানমন্ত্রী বলেন, অতীতের মতো এখনও তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে দাবিয়ে রাখতে চায়। তিনি ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের বিপ্লবের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, সেই সময়ের মতো এবারও ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে।

বিকাল ৩টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এসময় মঞ্চে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ এবং এজেডএম জাহিদ হোসেনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এর আগে বেলা ১২টা থেকেই নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে সমবেত হতে শুরু করেন। কাকরাইল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত হাজার হাজার মানুষের ঢল নামে। নেতা-কর্মীদের হাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতিসহ বিভিন্ন প্ল্যাকার্ড শোভা পায়। নেতা-কর্মীরা বিভিন্ন রঙের ক্যাপ ও গেঞ্জি পরিধান করে র‌্যালিকে বর্ণাঢ্য রূপ দেন।

সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, যারা আমি-ডামি নির্বাচনের ব্যবস্থা ফিরিয়ে আনতে চায়, তাদের দাঁতভাঙা জবাব দেয়া হবে। তিনি আজকের এই র‌্যালিকে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ২০২৪ সালের ৫ই আগস্ট অর্জিত গণতন্ত্র রক্ষার দিন হিসেবে আখ্যায়িত করেন। তিনি উপস্থিত হাজার হাজার নেতা-কর্মীদের উদ্দেশ্যে সমর্থন চেয়ে স্লোগান ধরেন, ‘দিল্লী নয়, পিণ্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ।’

তারেক রহমান আরও বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা কেবল স্বাধীনতা-সার্বভৌমত্ব ছিনিয়ে আনেনি, বরং ষড়যন্ত্রকারীদের দেশ থেকে বিতাড়িত করেছে। যেভাবে ১৯৭৫ সালের ৭ই নভেম্বর অপশক্তি পরাজিত হয়েছিল, একইভাবে ২০২৪ সালের ৫ই আগস্টও অপশক্তি পরাজিত হয়েছে। বক্তব্য শেষে প্রধানমন্ত্রী পায়ে হেঁটে র‌্যালিতে অংশ নেন। তার সঙ্গে মন্ত্রিসভার সদস্যসহ সর্বস্তরের নেতারা অংশ নেন। বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছে সমাপনী বক্তব্য প্রদান করেন।