জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) সকাল ৮টার পর তারেক রহমানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা জিয়াউর রহমানের সমাধিতে উপস্থিত হয়ে জিয়ারত করেন। এ সময় তারা ফাতিহা পাঠ এবং শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

এদিকে, দিবসটি উপলক্ষে রাজধানীতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকাল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে হেঁটে অংশ নেবেন এবং এর নেতৃত্ব দেবেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী শোভাযাত্রার রুট সম্পর্কে জানান, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে র‍্যালিটি কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় অতিক্রম করবে। এরপর বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে এর সমাপ্তি ঘটবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের এই শোভাযাত্রায় অংশগ্রহণকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। র‍্যালিটি সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গসংগঠন ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে।