হরমুজ প্রণালিতে পাল্টাপাল্টি হামলা, ওমান উপসাগরে জাহাজ থেকে উদ্ধার ২২

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র এবং ইরান একে অপরের জাহাজে হামলা চালানোর ফলে অঞ্চলটিতে অত্যন্ত নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে। এই পাল্টাপাল্টি হামলার জেরে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার গভীর আশঙ্কা দেখা দিয়েছে। ওমান উপসাগরে একটি কার্গো জাহাজে আগুন লাগার পর সংযুক্ত আরব আমিরাত সেখান থেকে ২২ জনকে উদ্ধার করেছে।

সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল গার্ড জানিয়েছে, কার্গো জাহাজের ক্রুদের কাছ থেকে খবর পাওয়ার পর তাদের বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকৃত ২২ জন আরব বংশোদ্ভূত। তাদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর স্থিতিশীল অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বিবৃতিতে জাহাজে আগুন লাগার কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

এর আগে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি) দাবি করে, হরমুজ প্রণালির কাছে মাইন বিস্ফোরণে দুটি তেলের ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলোতে আগুন ধরেছে। আইআরজিসির দাবি অনুযায়ী, ট্যাংকার দুটি তাদের নেভিগেশন এবং পজিশনিং সিস্টেম বন্ধ রেখে অননুমোদিত রুট ব্যবহারের চেষ্টা করছিল।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, কেশম, জাস্ক, সিরিক এবং বন্দর আব্বাসে বিস্ফোরণের মতো শব্দ শোনা গেছে। যদিও তারা এটিকে সরাসরি হামলা হিসেবে উল্লেখ করেনি, তবে ধারণা করা হচ্ছে এগুলো ইরানের সামরিক মহড়া বা নতুন কোনো যুদ্ধের প্রস্তুতির অংশ হতে পারে।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইরান কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে এই এলাকাগুলোতে হামলার কথা নিশ্চিত করেনি। তবে বিচ্ছিন্নভাবে যুক্তরাষ্ট্র ইরানি জাহাজে হামলা চালাচ্ছে এবং এর জবাবে ইরান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ওই অঞ্চলে জাহাজগুলোতে হামলা করছে বা আটকে দিচ্ছে বলে তথ্য পাওয়া গেছে।