ক্ষমতাচ্যুত ও গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬ দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হয়েছেন। ডিজিটাল ব্যাংক উয়েনোর পতনকে কেন্দ্র করে সৃষ্ট তীব্র রাজনৈতিক ও আর্থিক সংকটের জেরে দেশটির কর্তৃপক্ষ তাকে অভিশংসিত করার পাশাপাশি গৃহবন্দি করার নির্দেশ দিয়েছে। শুক্রবার সিনেটের সর্বসম্মত ভোটে পেনা ক্ষমতাচ্যুত হন এবং একই দিনে সাবেক ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। পেনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, দেশটির দ্রুত জনপ্রিয়তা পাওয়া ডিজিটাল ব্যাংক উয়েনোর সঙ্গে তার স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক ছিল। অভিযোগ অনুযায়ী, ব্যাংকটির ঋণ বিতরণ প্রক্রিয়া, নিয়ন্ত্রক সংস্থার তদারকি এবং রাজনৈতিক প্রভাব খাটানোর সঙ্গে পেনার নাম জড়িয়ে পড়ে। উল্লেখ্য, ব্যাংকটি প্যারাগুয়ের প্রায় অর্ধেক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবা প্রদান করত। পেনা গত বছর পর্যন্ত উয়েনোর মূল মালিকানা প্রতিষ্ঠানের একজন শেয়ারহোল্ডার ছিলেন। শুক্রবার রাজধানী আসুনসিওনে পেনার বাসভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কৌঁসুলিরা জানান, সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে এখনো সুনির্দিষ্ট অভিযোগ চূড়ান্ত না হলেও ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত সুবিধা নেওয়া বা প্রভাব খাটানোর মতো অভিযোগ যুক্ত হতে পারে। তাকে শনিবার সকালে কৌঁসুলির কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পেনার গৃহবন্দি হওয়ার খবর ছড়িয়ে পড়লে তার বাসভবনের বাইরে বিক্ষোভকারীরা জড়ো হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বাড়িটির চারপাশে নিরাপত্তাবেষ্টনী তৈরি করে। চলতি সপ্তাহের শুরুতে প্যারাগুয়ের কেন্দ্রীয় ব্যাংক উয়েনোর কার্যক্রমে হস্তক্ষেপ করলে সংকটের সূত্রপাত হয়। ২০২১ সালে যাত্রা শুরু করা ব্যাংকটি দ্রুত সম্প্রসারিত হলেও এর ঋণ বিতরণ পদ্ধতি এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন ছিল। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান কার্লোস কারভালো, যিনি ২০২৩ সাল পর্যন্ত উয়েনোর নেতৃত্বে ছিলেন, তার বিরুদ্ধেও শুক্রবার গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। চলতি সপ্তাহের শুরুতেই তিনি পদত্যাগ করেছিলেন। এছাড়া ব্যাংকটির আটজন সাবেক নির্বাহীকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। পেনার ঘনিষ্ঠ মহলের বেশ কয়েকজন পদত্যাগ করেছেন, যাদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, প্রেসিডেন্টের চিফ অব স্টাফ এবং দুইজন উপদেষ্টা। পেনার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাবে স্বার্থের সংঘাত, নিয়ন্ত্রক সংস্থার প্রক্রিয়ায় হস্তক্ষেপ, পেনশন তহবিলের অর্থ সরিয়ে নেওয়া এবং প্রাতিষ্ঠানিক অনিয়ম আড়ালের অভিযোগ আনা হয়েছে। তবে পেনা সব অভিযোগ অস্বীকার করে এটিকে নিয়ন্ত্রক সংস্থার তদারকিসংক্রান্ত সমস্যা বলে দাবি করেছেন। কেন্দ্রীয় ব্যাংকও স্বার্থের সংঘাতের অভিযোগ অস্বীকার করেছে। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES আন্তর্জাতিক বিষয়: আন্তর্জাতিক সংবাদপ্যারাগুয়েব্যাংক উয়েনোরাজনীতিসান্তিয়াগো পেনা