ফ্যাসিবাদ প্রতিরোধে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, সমর্থন বিরোধীদলীয় নেতার প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬ দেশের গণতান্ত্রিক যাত্রা নিরবচ্ছিন্ন রাখতে এবং পতিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র প্রতিহত করতে সংসদ ও সংসদের বাইরের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের কার্যসূচিতে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পর সংসদ কক্ষে দেওয়া প্রতিক্রিয়ায় তার এই প্রস্তাবকে স্বাগত জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে নানা অজুহাতে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে। সীমান্তের ওপার থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে কখনো ধর্মের দোহাই, কখনো হরতাল বা ভিন্ন নামে দেশে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা চলছে। এ ধরনের চক্রান্ত রাজনৈতিক বিভেদ ভুলে সম্মিলিতভাবে প্রতিহত করা আবশ্যক। ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐতিহাসিক ঐক্য গড়ে উঠেছিল, তা কোনোভাবেই দুর্বল হতে দেওয়া যাবে না। গণতান্ত্রিক ধারা বজায় রাখা ও অশুভ শক্তির মাথাচাড়া দেওয়া বন্ধে সরকারি দল, বিরোধী দল এবং সংসদের বাইরের রাজনৈতিক শক্তিগুলোর দায়িত্বশীল ভূমিকা বজায় রাখার তাগিদ দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, তিনি মন্ত্রীর বক্তব্যের শেষাংশ থেকে কথা শুরু করতে চান। জাতীয় ঐক্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী শেষের দিকে এসে একটি আপিল জানিয়েছেন এবং স্মরণ করিয়ে দিয়েছেন যে ফ্যাসিবাদের বিরুদ্ধে ২৪-এ যেভাবে ঐক্য তৈরি হয়েছিল, সেই জাতীয় ঐক্যই ধরে রাখতে হবে। ২০২৪ সালের অভূতপূর্ব ঐক্যকে স্মরণে রেখে আগামীর বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার গুরুত্ব ব্যক্ত করেন তিনি। অতীতের স্বৈরাচারী ও নিপীড়নমূলক পরিস্থিতির পুনরাবৃত্তি ঠেকাতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়ে তিনি বলেন, মানুষ আর যেন নতুন করে কোনো ফ্যাসিবাদী যন্ত্রণায় না পড়ে। তবে কেবল সংসদীয় আলোচনা বা রাজনৈতিক বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে, আলোচনার পর ফ্যাসিবাদ প্রতিরোধের কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন জরুরি বলে মন্তব্য করেন তিনি। অতীতে যারা ফ্যাসিবাদকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে বা তাদের ফেরার পথ সুগম করেছে, জনগণই তাদের বিচার করবে বলেও উল্লেখ করেন বিরোধীদলীয় নেতা। বিরোধীদলীয় নেতার প্রতিক্রিয়া শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাকে আবারও ধন্যবাদ জানান। তিনি মন্তব্য করেন, বিরোধীদলীয় নেতার বক্তব্যে কিছু অম্লমধুর কথা থাকলেও জাতীয় ঐক্যের তাগিদ দেওয়ার মূল বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সংসদীয় রাজনীতিতে মতপার্থক্য ও তর্ক-বিতর্ক অত্যন্ত স্বাভাবিক ও সৌন্দর্যময় একটি চর্চা, যা সংসদের ভেতরের রীতি মেনেই পরিচালিত হবে। কিন্তু ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধ ও দেশের ভবিষ্যতের প্রশ্নে সব দলের এই দায়িত্বশীল একাত্মতা জাতীয় রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। SHARES রাজনীতি বিষয়: জাতীয় সংসদডা. শফিকুর রহমানফ্যাসিবাদবিরোধী ঐক্যরাজনীতিসালাহউদ্দিন আহমদস্বরাষ্ট্রমন্ত্রী