রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে কালীগঞ্জে আমির হামজার মাহফিলের সিদ্ধান্ত

প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাওলানা আমির হামজার তাফসিরুল কুরআন মাহফিল আয়োজনকে কেন্দ্র করে দিনভর চলা রাজনৈতিক উত্তেজনা ও পাল্টাপাল্টি কর্মসূচির পর অবশেষে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে সমঝোতা হয়েছে। উপজেলা প্রশাসন ও পুলিশের মধ্যস্থতায় সিদ্ধান্ত হয়েছে, অনুষ্ঠানে প্রধান বক্তা কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য প্রদান করতে পারবেন না। এ শর্ত মেনে মাহফিল আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় বিএনপি ও উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে কালীগঞ্জ থানা ভবনে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সমঝোতা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদের মধ্যস্থতায় আয়োজিত এই জরুরি সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালেব, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি এবং উপজেলা জামায়াতের সাবেক আমির ওলিয়ার রহমানসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। বৈঠক শেষে সংসদ সদস্য মাওলানা আবু তালেব সাংবাদিকদের জানান, মাহফিলে যেন কোনো রাজনৈতিক বক্তব্য না দেওয়া হয় সেজন্য প্রধান বক্তা আমির হামজাকে অনুরোধ জানানো হবে। পাশাপাশি মাহফিল সুন্দরভাবে সম্পন্ন করতে বিএনপি ও প্রশাসন সহযোগিতা করবে।

আয়োজক সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে স্থানীয় সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে বার্ষিক পুরস্কার বিতরণী ও তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান বক্তা হিসেবে দাওয়াত দেওয়া হয় এমপি আমির হামজাকে। তবে এর আগে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা জানিয়ে অনুষ্ঠানের অনুমতি দিতে অপারগতা প্রকাশ করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে পুলিশ সুপারের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ওই সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।

জেলা প্রশাসনের এ সিদ্ধান্তের খবর প্রকাশ্যে আসার পর কালীগঞ্জের স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। সিদ্ধান্তের প্রতিবাদে এবং আমির হামজাকে স্বাগত জানিয়ে বিকেলে শহরে একটি মোটরসাইকেল শোভাযাত্রা করে জামায়াতে ইসলামী। পরে সন্ধ্যায় শহরের মুরগিহাট এলাকায় সংসদ সদস্যের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে উপজেলা জামায়াত। সেখানে উপজেলা জামায়াতের আমির আব্দুল হক মোল্লা অভিযোগ তুলে বলেন, একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল এই দ্বীনি মাহফিলটি বন্ধ করার অপচেষ্টা করছে। প্রশাসনিক সহায়তায় গণজোয়ার বজায় রেখে যেকোনো মূল্যে মাহফিল বাস্তবায়ন করা হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

অপরদিকে, একই মাঠে শুক্রবার দুপুর ২টায় 'সচেতন কালীগঞ্জবাসী'-এর ব্যানারে এক মাদকবিরোধী সমাবেশের ডাক দেওয়া হয়। এই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে শহরে মাইকিং এবং সন্ধ্যায় মোটরসাইকেল মহড়া বের করা হয়, যা শহরের মূল সড়কগুলো ঘুরে কালীবাড়ী এলাকায় গিয়ে শেষ হয়। রাত ৯টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সচেতন কালীগঞ্জবাসীর পক্ষে ইলিয়াছ রহমান মিঠু জানান, মাদক, বাল্যবিবাহ, অনলাইন জুয়া ও যৌতুকের বিরুদ্ধে তাদের নিয়মিত সামাজিক সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে আগের নির্ধারিত এ অনুষ্ঠান পালন করা হবে। সংবাদ সম্মেলনটিতে জেলা বিএনপির উপদেষ্টা রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ মোল্লা এবং উপজেলা যুবদলের সদস্যসচিব মাহাবুবুর রহমান মিলনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত