বোমা হামলা করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরানোর চেষ্টা সফল হবে না

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৬

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বোমা হামলা ও ভয়ভীতি প্রদর্শন করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা যারা করছেন, তারা এখনো বাংলাদেশের মানুষকে চেনেননি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, বাংলাদেশের মানুষ অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না। তিনি আরো বলেন, আমরা সমস্ত অপশক্তির বিরুদ্ধে মাঠে আছি। যারা মনে করছেন বোমা সন্ত্রাস করে ভয় দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি বিছিয়ে দেশে ফিরিয়ে আনবেন, তারা ভুল করছেন। ইতিমধ্যে অনেক বোমা হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই সিন্ডিকেটের সাথে জড়িতদের সম্পর্কে সমস্ত তথ্য-উপাত্ত সরকারের হাতে রয়েছে।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে আইনমন্ত্রী বলেন, সব কিছুর পরেও বাংলাদেশ অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিকভাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে এবং এই ধারা অব্যাহত থাকবে। সরকারের গত নয় মাসের কর্মকাণ্ডের উল্লেখ করে তিনি জানান, বর্তমান সরকার কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা গুমের পথে হাঁটেনি। পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, রাতারাতি সব পরিবর্তন করা যেমন সম্ভব নয়, তেমনি সরকারের বিরুদ্ধে কোনো নেতিবাচক কার্যক্রম থাকলে তা তুলে ধরার সুযোগও রয়েছে। অনুষ্ঠানে ফোরামের সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলির সঞ্চালনায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।