গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে স্লোগান দেওয়ায় আটক ৩ প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬ রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছাকাছি এলাকায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে গুলশান-২ নম্বর চত্বরের অদূরে ওয়েস্টিন হোটেলের সামনে এ ঘটনা ঘটে। আটককৃত তিন যুবক হলেন মাদারীপুরের কালকিনি উপজেলার সাব্বির হোসেন (২৯), পুরান ঢাকার চকবাজারের ফারহান আহম্মেদ (২৪) এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলার সজিবুর রহমান (৩০)। তাদের মধ্যে সাব্বির মিরপুর-২ এবং সজিবুর মহাখালীর ওয়্যারলেস এলাকায় বসবাস করেন। ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন। আবদুর রহিম জানান, রাতে বনশ্রীর বাসায় ফেরার পথে ওয়েস্টিন হোটেলের সামনে তিনি কয়েকজন যুবককে শেখ হাসিনার নামে স্লোগান দিতে শোনেন। তিনি গাড়ি থামিয়ে তাদের পরিচয় জানতে চাইলে সেখানে থাকা চারটি মোটরসাইকেলের মধ্যে কয়েকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে অবশিষ্ট তিনজনকে আটকে রেখে তিনি পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তারা মদ্যপ অবস্থায় না বুঝে স্লোগান দিয়েছেন বলে দাবি করেন এবং ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। তবে পুলিশের পক্ষ থেকে আটক যুবকদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES রাজনীতি বিষয়: আটকগুলশানছাত্রদলপুলিশস্লোগান