গোপালগঞ্জ ছাড়া আ.লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৬ তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ মন্তব্য করেছেন যে, গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই। সোমবার (১৬ নভেম্বর) সকালে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করে দেশে কারো রাজনীতি করার সুযোগ নেই। গোপালগঞ্জে বর্তমান সহিংসতাকে তিনি দলটির দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কার্ড হারিয়ে ফেলেছে। তথ্যমন্ত্রী দাবি করেন, গত ৮ মাসে দেশে কোনো ব্যাংক লুট বা বিদ্যুৎ খাতে দুর্নীতি হয়নি, তাই আওয়ামী লীগ কৃত্রিম উত্তাপ সৃষ্টির লক্ষ্যে সহিংস রাজনীতির পথ বেছে নিয়েছে। তাদের সাংগঠনিক তৎপরতা নেই এবং জনদৃষ্টি সরাতেই তারা এমন সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। পার্থ বলেন, সহিংস আন্দোলন করে ক্ষমতায় ফেরার চেষ্টা কোনো রাজনৈতিক পদক্ষেপ নয়। তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশের যে পরিমাণ ক্ষতি করেছে তা জাতিকে পুরোপুরি বোঝানো সম্ভব হয়নি। দলটির শাসনামলে দেশের ভবিষ্যৎ নষ্ট করা হয়েছে, ব্যাংকিং খাতের ব্যালান্সশীট চুরি করা হয়েছে এবং চড়া দামে বিদ্যুৎ কেনার মতো পরিস্থিতি তৈরি করা হয়েছে। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার দায়ভার না নিলেও দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে দায়িত্ব গ্রহণ করেছেন বলে তিনি মন্তব্য করেন। তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান যে ক্ষতি করেছিল, গত ১৭ বছরে আওয়ামী লীগ তার চেয়েও বেশি ক্ষতি করেছে। তিনি সতর্ক করে বলেন, আওয়ামী লীগের রাজনীতি প্রতিশোধপরায়ণ। কোনো ফর্মে ফ্যাসিস্টরা ফিরে এলে জুলাইয়ের পক্ষে অবস্থান নেওয়া মানুষের ওপর তারা প্রতিশোধ নেবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি আরও বলেন, ‘‘ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। ৪৭ থেকে ৭১ সাল পর্যন্ত পাকিস্তান যতটা ক্ষতি করেনি, ১৭ বছরে সবচেয়ে ক্ষতি করেছে আওয়ামী লীগ।’’ SHARES জাতীয় বিষয়: আওয়ামী লীগআন্দালিভ রহমান পার্থগোপালগঞ্জতথ্যমন্ত্রীরাজনীতি