দেশে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৬

দেশের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত অনুমোদন লাভ করেছে।

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী নামক স্থানে ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে। এছাড়া বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলার ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

প্রশাসনিক এই পুনর্গঠনে দুটি নতুন পৌরসভা গঠনেরও অনুমোদন মিলেছে। এগুলো হলো—বগুড়া জেলার মোকামতলা উপজেলাধীন ‘মোকামতলা’ পৌরসভা এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাধীন ‘জৈন্তাপুর’ পৌরসভা। পাশাপাশি ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে ওই উপজেলার ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।

অন্যদিকে, লক্ষ্মীপুর ও কুমিল্লা জেলায় দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তর করা হয়েছে। লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা বিভক্ত করে গঠিত নতুন ‘চন্দ্রগঞ্জ’ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিভক্ত করে সৃষ্ট নতুন বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।