দেশজুড়ে সহজলভ্য মাদক, নেশার টাকার যোগানে বাড়ছে খুন ও সহিংসতা প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৬ পোশাক কারখানার বেতন নিয়ে ঘরে ফেরার পর রাতে স্ত্রীর কাছে মাদক কেনার জন্য ৩ হাজার টাকা চেয়েছিলেন স্বামী ছায়েদুল ইসলাম। এতে রাজি না হওয়ায় দুই শিশুসন্তানের সামনেই ২৭ বছর বয়সী নাসিমা আক্তারকে কুপিয়ে হত্যা করা হয়। গত ১৩ জুলাই ভোররাতে গাজীপুরের শ্রীপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরে ছায়েদুলকে গ্রেপ্তার করে তৎকালীন র্যাব জানায়, মাদকের টাকার জন্য স্ত্রীকে হত্যা করেছেন তিনি। কেবল গাজীপুর নয়, দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি খুন, ছিনতাই, পারিবারিক সহিংসতা, গ্যাং সংঘাত ও সশস্ত্র হামলার পেছনে উঠে আসছে মাদক কেনার অর্থ জোগান, বকেয়া টাকার বিরোধ কিংবা মাদক ব্যবসার আধিপত্যের চিত্র। আইনশৃঙ্খলা বাহিনীর অনুসন্ধানে দেখা গেছে, স্বজনের কাছে টাকা না পেয়ে হামলা চালানো থেকে শুরু করে বিক্রির এলাকা দখলে সংঘর্ষ এমনকি পাওনা আদায়ে গুলি চালানোর ঘটনাও ঘটছে। চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) এক গবেষণা অনুযায়ী, দেশে প্রায় ৮২ লাখ (৮১ লাখ ৯৪ হাজার) মানুষ মাদক ব্যবহার করেন, যা মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ। গবেষণা অনুযায়ী মাদকসেবীদের প্রায় ৯০ শতাংশই জানিয়েছেন যে মাদক পাওয়া সহজ। দেশে মাদকের পেছনে বছরে আনুমানিক ৫৯ হাজার কোটি টাকা ব্যয় হয়, যেখানে একজন ব্যবহারকারীর পেছনে মাসে গড়ে খরচ হয় প্রায় ৬ হাজার টাকা। গবেষণাটি ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত বিএমইউ ও রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্টস লিমিটেড যৌথভাবে পরিচালনা করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) তত্ত্বাবধানে আট বিভাগের ১৩ জেলার ২৬ উপজেলার ৫ হাজার ২৮০ জনের কাছ থেকে তথ্য নিয়ে এই অনুমান তৈরি করা হয়। পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকায় সর্বোচ্চ ২২ লাখ ৯০ হাজার মাদক ব্যবহারকারী রয়েছেন। চট্টগ্রামে ১৮ লাখ ৮০ হাজার এবং রংপুরে ১০ লাখ ৮০ হাজার। তবে জনসংখ্যার অনুপাত বিবেচনায় ময়মনসিংহে ৬ দশমিক ০২ শতাংশ, রংপুরে ৬ শতাংশ এবং চট্টগ্রামে ৫ দশমিক ৫০ শতাংশ মাদকসেবী রয়েছে। এছাড়া রাজশাহীতে এই হার ২ দশমিক ৭২ শতাংশ। গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলেও মাদক কেনাবেচার চিত্র আশঙ্কাজনকভাবে বিস্তৃত হয়েছে। পরিসংখ্যান ও তথ্য পর্যালোচনায় মাদক নিয়ন্ত্রণের প্রধান তিনটি চ্যালেঞ্জ চিহ্নিত হয়েছে: মাদকের সহজলভ্য বিস্তার, মাদককে কেন্দ্র করে সহিংস অপরাধ এবং তদন্ত, বিচার ও চিকিৎসা কাঠামোর ঘাটতি। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ২০ কোটি ৮৩ লাখের বেশি ইয়াবা, ৫ লাখ ২৪ হাজার কেজির বেশি গঞ্জা, ২ হাজার ১৪৯ কেজির বেশি হেরোইন, ১৬৩ কেজি কোকেন এবং ২৬ লাখের বেশি বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ৪ লাখ ৩৫ হাজার ৩৪৭টি মামলা দায়ের এবং ৫ লাখ ৪৭ হাজার ৪৩৯ জনকে আসামি করা হয়। ডিএনসির সূত্র মতে, উদ্ধার হওয়া চালানগুলো দেশে চোরাচালান হয়ে আসা মোট মাদকের সর্বোচ্চ ২০ শতাংশ; বাকি ৮০ শতাংশই ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। ডিএনসির ‘বাংলাদেশের বার্ষিক মাদক প্রতিবেদন, ২০২৫’ পর্যালোচনায় দেখা গেছে, গত এক বছরে অ্যামফেটামিনজাতীয় উত্তেজক ইয়াবা বড়ি উদ্ধার বেড়েছে প্রায় ৯১ শতাংশ। ২০২৫ সালে ৪ কোটি ৩৫ লাখ ৬২ হাজার ৮১১টি বড়ি জব্দ করা হয়, যা আগের বছরে ছিল ২ কোটি ২৮ লাখ ৫৭ ৭৫১টি। সীমান্ত পার হয়ে মিয়ানমার থেকে টেকনাফ ও উখিয়া উপকূলীয় রুট দিয়ে ইয়াবা ও আইস আসে এবং ভারত সীমান্ত দিয়ে ফেনসিডিলসহ অন্যান্য মাদক প্রবেশ করে। গত ১৭ আগস্ট কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বিলাসবহুল গাড়ি থেকে কুমিল্লায় ৩ লাখ ইয়াবা উদ্ধার করে জেলা ডিবি পুলিশ। এছাড়া কক্সবাজার সীমান্তে ছয় মাসে বড় ছয়টি অভিযানে জব্দ হওয়া ২৭ লাখ ইয়াবার মধ্যে ৫টি চালানের গন্তব্য ছিল রাজধানী ঢাকা। অপরাধ নিয়ন্ত্রণে যুক্ত সংস্থাগুলোর মতে, দেশের মোট অপরাধের প্রায় ৮০ শতাংশের পেছনে নেপথ্য কারণ মাদক। ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাছাই করা ৩০টি গুরুতর অপরাধের ঘটনা বিশ্লেষণ করে দেখা গেছে, ২১টিতেই মাদকের সরাসরি যোগসূত্র রয়েছে। এর মধ্যে ১৭টি ঘটনায় ২৩ জন প্রাণ হারিয়েছেন। ৮টি ঘটনায় ধারালো অস্ত্র ও ৪টিতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। চলতি বছরের ১০ এপ্রিল খুলনার রূপসায় মাদক কেনার টাকা না দেওয়ায় ছেলে তার মা মিম্মি বেগমকে হত্যা করে বলে অভিযোগ ওঠে। গত বছরের ৬ আগস্ট ঢাকার বংশালে বাকিতে দুটি ইয়াবা না পেয়ে হীরা নামের এক ব্যক্তিকে জীবন মিয়া নামে এক যুবক ছুরিকাঘাতে হত্যা করেন। এছাড়া গত বছরের ১১ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে শাহ আলম নামে এক কিশোর নিহত হয়। গত ৭ আগস্ট পল্লবীতে ১৫ লাখ টাকার মাদক বকেয়া নিয়ে বিরোধের জেরে গোলাগুলির ঘটনায় ৫ জনকে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার করে ডিবি। অপরাধবিজ্ঞানী পল জে গোল্ডস্টাইনের ১৯৮৫ সালের ‘মাদক ও সহিংসতার সম্পর্ক’ বিষয়ক গবেষণার আলোকেও বাংলাদেশে অপরাধের তিনটি ধরন পরিলক্ষিত হচ্ছে: মাদকের সরাসরি মনস্তাত্ত্বিক প্রভাব, নেশার টাকা সংগ্রহের অপরাধ এবং অবৈধ মাদক কারবারের নিয়ন্ত্রণ কেন্দ্রিক সহিংসতা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ জানান, সামাজিক অবক্ষয় ও পারিবারিক সচেতনতার অভাবেই তরুণরা দ্রুত মাদকে জড়াচ্ছে। অভিযানে কেবল সরবরাহ কমানো সম্ভব নয়, চাহিদা না কমালে এর বিস্তার বন্ধ করা কঠিন। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান বলেন, বিশাল বাজারের কারণে কারবারিরা মুনাফার লোভে যুক্ত হচ্ছে। খুচরা বিক্রেতা গ্রেপ্তার হলেও মূল কারবারিদের চিহ্নিত করার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। কোনো পুলিশ সদস্যের জড়িত থাকার প্রমাণ পেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে, তদন্ত ও বিচারে বড় ধরনের ঘাটতি রয়ে গেছে। সারা দেশের আদালতে ৪ লাখ ৪৬ হাজার মাদক মামলা विचারাধীন, যার মধ্যে ১ ৬৬ ৩৩৩টি মামলা পাঁচ বছর বা তার বেশি মেয়াদের সাজা সংক্রান্ত। বিচারিক ধীরগতির পাশাপাশি তদন্তের মান নিয়েও প্রশ্ন রয়েছে। ২৬ জেলার বিভিন্ন আদালতের ৫০০টি মাদক মামলার রায় পর্যালোচনায় দেখা যায়, ২৯৬টিতে (৫৯.২ শতাংশ) আসামিরা খালাস পেয়েছেন এবং সাজার হার ২০৪টি। নিরপেক্ষ সাক্ষী না পাওয়া, জব্দতালিকায় অসংগতি, রাসায়নিক পরীক্ষার জটিলতা ও তদন্ত কর্মকর্তার অনুপস্থিতির কারণে আসামিরা পার পেয়ে যাচ্ছেন। এছাড়া তদন্তে কোনো মূল অর্থদাতা বা পৃষ্ঠপোষকের নাম উঠে আসেনি। ডিএনসির নিজস্ব তথ্যেও ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত নিষ্পত্তিকৃত ১৩ হাজার ৩৭৬টি মামলার মধ্যে ৫৬ দশমিক ৩৬ শতাংশে আসামি খালাস পাওয়ার চিত্র পাওয়া গেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। ২০২৫ সালের জুলাইয়ে আইনটি সংশোধন করে ডিজিটাল মাধ্যমে মাদক লেনদেন অপরাধের আওতায় আনা হয়। দ্রুত বিচারের জন্য সেপ্টেম্বরে ২২টি ট্রাইব্যুনাল গঠিত হলেও অক্টোবর পর্যন্ত পৃথক বিচারক পদ তৈরি না হওয়ায় বিদ্যমান বিচারকরাই অতিরিক্ত দায়িত্বে পরিচালনা করছেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি ওমর ফারুক ফারুকী বলেন, শুধু খুচরা বহনকারীদের গ্রেপ্তার করে লাভ নেই; জামিনে বেরিয়ে বা নতুন লোক এসে ফের একই কাজ করছে। মাদকের উৎস পুরোপুরি বন্ধ না করলে মহামারির মতো ছড়িয়ে পড়া এ সংকট মোকাবিলা সম্ভব নয়। SHARES জাতীয় বিষয়: অপরাধআইনশৃঙ্খলা বাহিনীমাদকমাদক ব্যবসামাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহিংসতা