বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলা, দাবি রেভ্যুলেশনারি গার্ডের

প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৬

বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডারে হামলা চালানোর দাবি করেছে ইরান। শুক্রবার ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি) এ তথ্য নিশ্চিত করেছে। উপসাগরীয় কোনো দেশে মার্কিন সামরিক সম্পদের ওপর এটিই সর্বশেষ হামলার ঘটনা। এর আগে সেপ্টেম্বরের শুরুতে একই ধরনের হামলার দাবি করেছিল দেশটি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আইআরজিসি জানায়, এই হামলাটি ছিল একটি প্রতিশোধমূলক ব্যবস্থা। তারা দাবি করেছে যে, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিক কাউন্টিতে একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরাইলের মধ্যকার সংঘাত শুরুর পর থেকে পুরো অঞ্চলে অস্থিরতা ছড়িয়ে পড়ে। এর আগে ইরান উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল। যদিও বর্তমানে এই সংঘাতের মাঝে সাময়িক বিরতি চলছিলো। তবে এই নতুন হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বা বাহরাইন কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।