শিক্ষার্থীদের সেবা প্রদানে আমি প্রতিশ্রুতিবদ্ধ: শাবি উপাচার্য

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম জানিয়েছেন যে, মাননীয় প্রধানমন্ত্রী তাকে একজন ‘সার্ভিস প্রোভাইডার’ হিসেবে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। বুধবার (১৫ জুলাই) বাংলা সমিতি আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করাই তার মূল দায়িত্ব।

বিশ্ববিদ্যালয়কে একটি পরিবারের সঙ্গে তুলনা করে উপাচার্য বলেন, পরিবারে বিভিন্ন ধরনের সমস্যা থাকা স্বাভাবিক, তবে সব সমস্যার সমাধান রাতারাতি সম্ভব নয়। তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, যদি তার হাতে কিছু করার সুযোগ থাকে, তবে তিনি অগ্রাধিকার ভিত্তিতে মেয়েদের সমস্যা সমাধানে কাজ করবেন, কারণ তাদের সমস্যা তুলনামূলক বেশি। তিনি শিক্ষার্থীদের সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, সবাই মিলে ভালো কিছু করা সম্ভব।

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন থেকেই দায়িত্বশীল হতে হবে এবং নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে শিখতে হবে। নিয়মিত পড়াশোনা করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

শিক্ষার্থীদের যেকোনো সমস্যা সমাধানের প্রক্রিয়ার বিষয়ে উপাচার্য জানান, প্রথমে বিভাগের দুইজন ছাত্র উপদেষ্টা, বিভাগীয় প্রধান এবং ডিনসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের বিষয়টি জানাতে হবে। যদি তাদের মাধ্যমে সমাধান না হয়, তবে শিক্ষার্থীরা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারবে। তার ব্যক্তিগত মোবাইল নম্বর শিক্ষার্থীদের কাছে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম সভাপতিত্ব করেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন এবং লাইব্রেরি প্রশাসক অধ্যাপক মুহ. মিজানুর রহমানসহ অনেকে।