২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়নদের দেওয়া হবে বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং

প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৬

২০২৬ ফিফা বিশ্বকাপে এবার নতুনত্বের ছোঁয়া লেগেছে। উত্তর আমেরিকায় আয়োজিত এই টুর্নামেন্টে প্রথমবারের মতো শিরোপাজয়ী দলকে বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’ বা আংটি প্রদান করা হবে। মার্কিন ক্রীড়াঙ্গনে এনএফএল সুপার বোলজয়ীদের আংটি দেওয়ার যে দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে, সেই সংস্কৃতিই এবার ফিফার প্রতিযোগিতায় যুক্ত করা হচ্ছে।

আগামী ২০ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে। শিরোপার লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে ইউরোপীয় শক্তি স্পেনের। ঐতিহ্যবাহী বিশ্বকাপ ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি বিজয়ী দলের জন্য এই নতুন সম্মাননা থাকছে।

এই বিশেষ আংটি তৈরির পরিকল্পনা অনুযায়ী মোট ২ হাজার ২৬টি চ্যাম্পিয়নশিপ রিং প্রস্তুত করা হবে। এর মধ্যে বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্যদের জন্য ৩০টি আংটি বরাদ্দ থাকবে। বাকি ১ হাজার ৯৯৬টি আংটি বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকদের জন্য বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

আংটির নকশায় এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফি এবং অন্য পাশে চ্যাম্পিয়ন দলের পরিচয় ও অর্জনের স্মারক। প্রতিটি আংটি হবে স্বতন্ত্র নম্বরযুক্ত এবং সংশ্লিষ্ট খেলোয়াড় বা কর্মকর্তার আঙুলের মাপ অনুযায়ী বিশেষভাবে তৈরি করা হবে। প্রতিটি আংটির সঙ্গে একটি সত্যায়নপত্রও দেওয়া হবে। ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচের হাতে প্রথমে প্রতীকী বা অস্থায়ী আংটি তুলে দেওয়া হবে এবং পরবর্তীতে ব্যক্তিগত মাপ অনুযায়ী চূড়ান্ত আংটিগুলো আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হবে।