বাংলাদেশ ব্যাংকের এআই প্রশিক্ষণে চার নারী কর্মকর্তাকে যুক্ত করল কর্তৃপক্ষ

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জন্য আয়োজিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক প্রশিক্ষণ কোর্সে নারী কর্মকর্তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের সহযোগিতায় পরিচালিত ‘অ্যাপ্লাইড এআই ফর সেন্ট্রাল ব্যাংক অফিসিয়ালস’ কোর্সের প্রথম ব্যাচে এখন থেকে চারজন নারী কর্মকর্তা অংশ নেবেন।

এর আগে এই প্রশিক্ষণ কোর্সের প্রথম ব্যাচের জন্য নির্বাচিত ৩০ জনের তালিকায় কোনো নারী কর্মকর্তার নাম না থাকায় বিভিন্ন মহলে আলোচনার সৃষ্টি হয়েছিল। দৈনিক আমাদের সময়ের প্রতিবেদনে বিষয়টি উঠে আসার পর বাংলাদেশ ব্যাংক তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে নতুন অফিস আদেশ জারি করেছে।

নতুন এই আদেশের মাধ্যমে প্রশিক্ষণে যুক্ত হওয়া নারী কর্মকর্তারা হলেন বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগের অতিরিক্ত পরিচালক আফসানা রহমান, পেমেন্ট সিস্টেমস বিভাগ-১ এর অতিরিক্ত পরিচালক নাজিয়া হক, ব্যাংক সুপারভিশন বিভাগ-১০ এর উপ-পরিচালক শামীমা আফরোজ এবং ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এর উপ-পরিচালক শারমিন আক্তার।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রশিক্ষণের মোট আসনসংখ্যা ৩০টি অপরিবর্তিত রাখা হয়েছে। এজন্য চারজন পুরুষ কর্মকর্তা স্বেচ্ছায় তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশিক্ষণের জন্য আবেদন করা ৪৭৩ জন কর্মকর্তার মধ্যে ৬৫ জন ছিলেন নারী, যা মোট আবেদনকারীর প্রায় ১৪ শতাংশ। এই বিষয়টিও নতুন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে।

আগামী ২০ জুলাই থেকে শুরু হতে যাওয়া ১২ সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ প্রস্তাব তৈরি করেছে। প্রতি সপ্তাহে দুই দিন করে মোট ২৪টি ক্লাস অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, পর্যায়ক্রমে আরও একাধিক ব্যাচ পরিচালিত হবে, ফলে অন্য কর্মকর্তারাও পরবর্তী সময়ে প্রশিক্ষণের সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ ও সমান সুযোগ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক অঙ্গীকারবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।