আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি পাঠাল বাংলাদেশ

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তাকে প্রত্যর্পণের জন্য সম্প্রতি ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই চিঠি পাঠানো হয়েছে বলে আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

সূত্রটি জানিয়েছে, ভারতকে পাঠানো এই চিঠির সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের একটি অনুলিপিও সংযুক্ত করে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, চব্বিশের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামি করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মামলার রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের দেওয়া ওই রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিরোধী অপরাধে দোষী sab্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। অন্যদিকে, একই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে ট্রাইব্যুনালের পক্ষ থেকে ৪৫৩ পৃষ্ঠার একটি পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়, যেখানে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে।