টানা পঞ্চমবার সঠিক ভবিষ্যদ্বাণী: ২০২৬ বিশ্বকাপে স্পেনের জয় জানত ইএ স্পোর্টস

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬

ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে হবে—এই কঠিন প্রশ্নের উত্তর নিয়মিত খুঁজে বের করছে ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টস। ২০২৬ বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে টানা পঞ্চমবারের মতো তারা বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের নাম সঠিকভাবে পূর্বাভাস দিল।

টুর্নামেন্ট শুরুর দুই দিন আগে ইএ স্পোর্টস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিল, এবারের চ্যাম্পিয়ন হবে স্পেন। টুর্নামেন্ট শেষে তাদের সেই ভবিষ্যদ্বাণী হুবহু মিলে গেছে। ফাইনালে মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে স্পেন। ম্যাচের ১০৬তম মিনিটে স্পেনের হয়ে জয়সূচক গোলটি করেন ফেরান তোরেস।

এর আগে ২০১০ সালে স্পেনের শিরোপা জয়ের সময়ও ইএ স্পোর্টস তাদের পক্ষে ভবিষ্যদ্বাণী করেছিল। এরপর ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে পূর্বাভাস দিয়ে সফল হয় প্রতিষ্ঠানটি। ২০২৬ সালে স্পেন চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে তারা টানা পঞ্চমবারের মতো সঠিক ভবিষ্যদ্বাণী করল।

ইএ স্পোর্টস কীভাবে এমন নিখুঁত পূর্বাভাস দেয়, তা নিয়ে কৌতুহল থাকা স্বাভাবিক। প্রতিষ্ঠানটির ডেভেলপার দল কেবল অনুমানের ওপর ভিত্তি করে এটি করে না। তারা খেলোয়াড়দের বর্তমান পারফরম্যান্স, দলীয় শক্তি, সম্ভাব্য ম্যাচআপ, কৌশলগত তথ্য এবং পরিসংখ্যান বিশ্লেষণ করে একটি বিশেষ সিমুলেশনের মাধ্যমে পুরো টুর্নামেন্ট পরিচালনা করে। সেই সিমুলেশন থেকেই সম্ভাব্য চ্যাম্পিয়নের নাম বেরিয়ে আসে।

২০২৬ বিশ্বকাপে স্পেন ও ফ্রান্স ফেবারিট থাকলেও কেপ ভার্দের মতো দলও চমক দেখিয়েছিল। শুরুর ম্যাচেই স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেয় আফ্রিকার এই দেশটি। তবে এরপর লা রোজারা ঘুরে দাঁড়ায় এবং পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করে শিরোপার পথে বেলজিয়াম, পর্তুগাল ও ফ্রান্সের মতো শক্তিশালী দলকে পরাজিত করে।

স্পেনের এই সাফল্যে বড় ভূমিকা রেখেছেন দুই তরুণ তারকা লামিনে ইয়ামাল ও পাউ কুবারসি। মাত্র ১৯ বছর বয়সে নিজেদের প্রথম বিশ্বকাপে তারা দারুণ পারফর্ম করেন। এর মধ্যে কুবারসি সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জেতেন। এছাড়া স্পেনের মিডফিল্ডার রদ্রি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জিতেছেন। এর আগে তিনি ২০২৪ সালের ব্যালন ডি’অর এবং ইউরোর সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছিলেন।