মেসিকে ছাড়াই দেশে ফিরল রানার্স-আপ আর্জেন্টিনা ফুটবল দল

প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০২৬

যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপ ফুটবলের মেগা ফাইনালে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে রানার্স-আপ হওয়ার গ্লানি নিয়ে দেশে ফিরেছে আর্জেন্টিনা ফুটবল দল। চার বছর আগের সেই উল্লাসের বিপরীতে এবার বিষাদ নিয়ে কোচ লিওনেল স্কালোনির দল নিজ দেশে ফিরেছে। সোমবার বুয়েনস আইরেসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আর্জেন্টিনা দল। বিমানবন্দরটির রানওয়েতেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) কোচ লিওনেল স্কালোনি ও দলটিকে লাল গালিচা সংবর্ধনা এবং মিলিটারি ব্যান্ড দিয়ে স্বাগত জানায়।

তবে দলের সবাই এই ফ্লাইটে ফেরেননি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন আগেই জানিয়েছিল যে স্কোয়াডের সব সদস্য এই বিমানে থাকবেন না। অধিনায়ক লিওনেল মেসি সহ বেশ কয়েকজন তারকা ফুটবলার যুক্তরাষ্ট্রেই থেকে গেছেন, তাই বিমানবন্দরে তাদের দেখা যায়নি।

এদিকে, এজেইজা বিমানবন্দরের কাছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পের বাইরে তীব্র শীত ও বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার আলবিসেলেস্তে সমর্থক ভিড় জমান। নীল-সাদা ছাতা ও জাতীয় পতাকা হাতে নিয়ে তারা ফুটবলারদের প্রতি কৃতজ্ঞতা ও সমর্থন জানান। এর আগে, রোববার রাতে ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পরপরই বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী ওবেলিস্ক চত্বরে হাজারো সমর্থক সমবেত হয়ে আতশবাজি ফুটিয়ে ও গান গেয়ে রানার্স-আপ দলটিকে অভিবাদন জানিয়েছিলেন।

তবে রাতের শেষভাগে এই উদযাপনের মাঝে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। বেশ কয়েকজন উচ্ছৃঙ্খল সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ার গ্যাস, ওয়াটার ক্যানন এবং রবার বুলেট ব্যবহার করতে হয়। আর্জেন্টাইন পুলিশের তথ্য অনুযায়ী, এই ঘটনায় অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে।