সব বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার পরিকল্পনা ইউজিসির প্রকাশিত: 8:54 PM, July 27, 2026 বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করেছে। উচ্চশিক্ষাকে আরও কর্মমুখী এবং শিল্পবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে প্রণীত কৌশলগত কর্মপরিকল্পনার খসড়ায় এই বিধানটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই উদ্যোগের আওতায় বিভিন্ন সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান এবং বেসরকারি সংস্থায় শিক্ষার্থীদের জন্য কাঠামোবদ্ধ ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি করা হবে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, স্নাতক ডিগ্রি অর্জনের পরও বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও প্রয়োজনীয় দক্ষতার ঘাটতির কারণে অনেক শিক্ষার্থী চাকরির বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন। এই ব্যবধান কমিয়ে স্নাতকদের দক্ষ করে তুলতে কমিশন পাঁচ বছর মেয়াদি একটি কৌশলগত কর্মপরিকল্পনা প্রণয়ন করছে। ইউজিসি চেয়ারম্যান জানান, শিক্ষার্থীদের বর্তমান দক্ষতার ঘাটতি চিহ্নিত করতে জাতীয় পর্যায়ে একটি সমীক্ষা পরিচালনা করা হবে। সেই সমীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম, শিক্ষণ-পদ্ধতি ও মূল্যায়ন ব্যবস্থায় প্রয়োজনীয় সমন্বয় আনা হবে। এছাড়া, বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার লক্ষ্যে সরকার ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো যৌথভাবে ইন্টার্নশিপ কর্মসূচিতে আর্থিক সহায়তা প্রদান করবে। পুরো কার্যক্রমের নীতিগত সমন্বয় ও তদারকির দায়িত্ব পালন করবে ইউজিসি। অধ্যাপক ড. মামুন আহমেদ আরও বলেন, বর্তমান বৈশ্বিক কর্মবাজারে বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি ভাষাগত দক্ষতা, যোগাযোগ, নেতৃত্ব, দলগত কাজ এবং সমস্যা সমাধানের সক্ষমতার মতো সফট স্কিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব দক্ষতা বিকাশে বিশেষ প্রশিক্ষণ মডিউল তৈরি করা হচ্ছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে সরাসরি যোগাযোগ এবং গবেষণার সুযোগ বাড়াতে একাধিক ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে ধাপে ধাপে ডিজিটাল রূপান্তরের আওতায় আনার পরিকল্পনার কথাও জানান ইউজিসি চেয়ারম্যান। এর অংশ হিসেবে উচ্চগতির ইন্টারনেট, ক্যাম্পাসজুড়ে বিনামূল্যে ওয়াই-ফাই, আধুনিক ডিজিটাল শ্রেণিকক্ষ এবং স্মার্ট ক্যাম্পাস গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামাল উদ্দিন আহমেদ লেকচার গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাকির হোসেন হাওলাদারের সভাপতিত্বে ইউজিসি চেয়ারম্যান ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবিরকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দও বক্তব্য রাখেন। SHARES জাতীয় বিষয়: ইউজিসিইন্টার্নশিপউচ্চশিক্ষাকর্মমুখী শিক্ষাবিশ্ববিদ্যালয়