সিলেটে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ নাহিদ ইসলামের প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৬ সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে দুই দফা হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জ পৌর শহর এবং পরবর্তীতে পাঁচ মাইল বাজারে এই হামলার ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ, গোলাপগঞ্জ পৌরসভার হলরুমে গণ-অভ্যুত্থানে নিহত সাত শহীদের পরিবারের স্বজনদের সঙ্গে মতবিনিময় শেষে ফেরার পথে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের গাড়িবহরের ওপর হামলা চালায়। এসময় ‘এনসিপি, ভুয়া’ স্লোগান দেওয়া হয় এবং ইটপাটকেল নিক্ষেপ করলে সারজিস আলমকে বহনকারী গাড়ির পেছনের কাঁচ ভেঙে যায়। পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে এনসিপির গাড়িবহর দ্রুত সিলেট শহরের দিকে চলে যায়। এর আগে দুপুরে সভায় যোগ দেওয়ার সময়ও ছাত্রদল কর্মীরা একই ধরনের স্লোগান দিয়েছিল বলে জানা গেছে। এই সভায় উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম এবং সংরক্ষিত নারী সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বক্তব্য রাখেন। গাড়িবহরে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘দেশে নতুন কোনো রাজনৈতিক শক্তির উত্থান হোক তা চায় না সরকার। তাই বারবার বিরোধীদলের ওপর হামলার ঘটনা ঘটছে।’ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বর্তমান সরকারকে সংস্কারবিরোধী হিসেবে অভিহিত করেন। তিনি অভিযোগ করেন, অতীতে খালেদা জিয়ার গাড়িবহরে যেভাবে হামলা হয়েছিল, বর্তমানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কর্মীরা এনসিপির ওপর একই কায়দায় হামলা চালাচ্ছে। এনসিপির যুগ্ম সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারী জানিয়েছেন, তাদের দল সংঘাতের রাজনীতিতে বিশ্বাসী নয় এবং আগামীতে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে তারা আর মুখ না খোলার ঘোষণা দিয়েছেন। এদিকে দুপুর সোয়া ৩টার দিকে ফেসবুক পোস্টে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) মো. সারজিস আলম লেখেন, সিলেটের পাঁচ মাইল বাজারে দ্বিতীয় দফায় বিএনপি তাদের ওপর আক্রমণ করেছে। এর ৩০ মিনিট আগে আরেক পোস্টে তিনি লেখেন, সিলেটের গোলাপগঞ্জে আবার তাদের গাড়িতে হামলা করেছে বিএনপি। এতে একটি গাড়ির পেছনের কাঁচ ভে্ঙে যায়৷ তবে কেউ হতাহত হয়নি। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন (দিনার)। তিনি দাবি করেন, ছাত্রদলের কেউ এর সঙ্গে জড়িত নয় এবং বরং এনসিপির নেতাকর্মীরা নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে আহতদের উপেক্ষা করায় সমস্যার সৃষ্টি হয়েছে বলে তিনি শুনেছেন। গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবেদ আলী জানিয়েছেন, নিরাপত্তার কোনো ঘাটতি ছিল না, তবে গাড়িবহর সভাস্থল ত্যাগের সময় কিছু লোক ইটপাটকেল ছুঁড়েছে। পুলিশ হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে। বর্তমানে এনসিপি কানাইঘাট ও ওসমানীনগর উপজেলায় তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং আগামীকাল শুক্রবার সিলেটের আরও তিনটি উপজেলায় সমাবেশ করার পরিকল্পনা রয়েছে। SHARES সারা বাংলা বিষয়: এনসিপিনাহিদ ইসলামবিএনপিসারজিস আলমসিলেটহামলা