নিজে গাড়ি চালিয়ে ডিএনসিসির পরিচ্ছন্নতা কার্যক্রম দেখলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 11:38 PM, July 31, 2026

প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন। শুক্রবার (৩১ জুলাই) বিকাল ৪টা ৫ মিনিটের দিকে গুলশানের বাসা থেকে গাড়ি নিয়ে তিনি বেরিয়ে আসেন।

পরিদর্শনের আগে প্রধানমন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসককে তার বাসভবনে ডেকে নিয়েছিলেন। এরপর তাদের সঙ্গে নিয়ে বিকাল সাড়ে ৩টার দিকে তিনি পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং নগর ব্যবস্থাপনার সার্বিক অবস্থা দেখতে বের হন।

প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে যে রুটগুলো পরিদর্শন করেন তার মধ্যে রয়েছে ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা সেক্টর ৩, ৪, ৫ ও ৬, এয়ারপোর্ট রোড হয়ে কাকলী মোড়, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট, মোহাম্মদপুর, সলিমুল্লাহ রোড, ইকবাল রোড, তাজমহল রোড, জাপান গার্ডেন সিটি, শ্যামলী মোড়, গণভবন মোড়, জিয়া উদ্যান, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, কচুক্ষেত, ক্যান্টনমেন্ট, সৈনিক ক্লাব, কাকলী ও বনানী। পরিদর্শন শেষে তিনি গুলশানের বাসভবনে ফিরে আসেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের বিভিন্ন কাজের দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন স্থানে বিদ্যমান সমস্যা চিহ্নিত করেন। তিনি কয়েকটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী উপস্থিত ছিলেন।