গাজীপুরে অদক্ষতা ও অনিয়মের দায়ে কাশিমপুর ভূমি অফিসের সবাই বরখাস্ত প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৬ গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে৷ অদক্ষতা, দায়িত্ব পালনে অবহেলা এবং দাপ্তরিক কাজ বাইরের লোকজন বা দালালদের দিয়ে করানোর দায়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়৷ সাময়িক বরখাস্ত হওয়া কর্মচারীদের মধ্যে রয়েছেন কাশিমপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোঃ ওয়াজেদ আলী খান, অফিস সহায়ক মোঃ শফিকুল ইসলাম এবং মুহাম্মদ মোস্তফা কামাল৷ জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে সেখানে কর্মরত চার কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়৷ গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলায় যোগদানের পর থেকেই বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে অনিয়ম ও অবহেলার অভিযোগের প্রেক্ষিতে আকস্মিক পরিদর্শন শুরু করেন নতুন জেলা প্রশাসক৷ এরই অংশ হিসেবে সোমবার সকালে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে এই অভিযান চালানো হয়৷ সেখানে গিয়ে দেখা যায়, সেবাগ্রহীতাদের যথাযথ সেবা না দিয়ে সরকারি কাজ দালালদের মাধ্যমে করানো হচ্ছে৷ অভিযান সম্পর্কে গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ সোহেল রানা, গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন ও টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার হাসিবুর রহমানকে নিয়ে ভূমি অফিস পরিদর্শনে যাই৷ প্রথমে আমরা কাশিমপুর ভূমি অফিসে যাই, সেখানে আমরা দেখতে পাই ওই অফিসে যারা আছে তারা অদক্ষ৷ জেলা প্রশাসক আরও জানান, কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে স্থানীয় সেবাগ্রহীতাদের অনেক অভিযোগ ছিল৷ পরিদর্শনের সময় বিভিন্ন নথিপত্র যাচাই-বাছাই করে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি৷ এমনকি নামজারির সফটওয়্যার কিংবা কোনো প্রয়োজনীয় কাগজপত্রও দেখাতে ব্যর্থ হন তারা৷ এই চরম দায়িত্বহীনতার কারণেই অফিসের সবাইকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়৷ কাশিমপুর ভূমি অফিসে এই ব্যবস্থা নেওয়ার পর পরিদর্শন দলটি সফিপুর ভূমি অফিসেও যায় এবং সেখানকার কর্মকর্তা-কর্মচারীদের কাজের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করে৷ SHARES অন্যান্য বিষয়: অনিয়ম ও অবহেলাকাশিমপুর ভূমি অফিসগাজীপুরজেলা প্রশাসকনূরুল করিম ভূঁইয়াসাময়িক বরখাস্ত