বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলারে উন্নীত

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের সর্বশেষ হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৪ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৫৯ বিলিয়ন ডলারে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, মোট গ্রস রিজার্ভের পরিমাণ ৩৬,৫৯২ দশমিক ৬৮ মিলিয়ন মার্কিন ডলার বা ৩৬ দশমিক ৫৯ বিলিয়ন ডলার। এছাড়া আন্তর্জাতিক মানদণ্ড বা বিপিএম৬ অনুযায়ী বর্তমানে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১,৭৭৬ দশমিক ২৭ মিলিয়ন মার্কিন ডলার বা ৩১ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।

রিজার্ভের পাশাপাশি দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহেও ইতিবাচক গতি লক্ষ্য করা গেছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগস্ট মাসের প্রথম তিন দিনে (১-৩ আগস্ট) দেশে ৪০৬ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের ২২০ মিলিয়ন ডলারের তুলনায় ৮৪ দশমিক ৪ শতাংশ বেশি। শুধুমাত্র ৩ আগস্ট একদিনেই দেশে ১৩৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স জমা হয়েছে।

চলতি অর্থবছরের শুরু থেকে ৩ আগস্ট পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ দশমিক ২৬৫ বিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ২ দশমিক ৬৯৮ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ, চলতি অর্থবছরের ৩ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।